ইরানি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮
ছবি: ভিডিও থেকে নেওয়া
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক জরুরি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্রের নতুন একটি বড় বহর ধেয়ে আসছে
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৫ জন।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলি বাহিনী মিনাবের শাজারেহ-তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালায়।
সেসময় স্কুলটিতে পাঠদান চলছিল বলে জানা গেছে।
এর আগে প্রাথমিক প্রতিবেদনে কেবল পাঁচজন ও পরে ২৪ জন শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছিল। পরে দফায় দফায় মৃত্যুর সংখ্যা বাড়ে আল জাজিরা এই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে।
স্কুলে এই হামলার ঘটনার কয়েক ঘণ্টা পার হতেই ইসরায়েল লক্ষ্য করে পুনরায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক জরুরি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্রের নতুন একটি বড় বহর ধেয়ে আসছে।
ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরপরই বিভিন্ন শহরে উচ্চশব্দে সাইরেন বাজানো শুরু হয়। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী এসব ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশে প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে।
আইডিএফ সতর্ক করে দিয়ে বলেছে যে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় নিশ্ছিদ্র না-ও হতে পারে। তাই সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির নাগরিকদের কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
৬ দেশে হামলা চালাল ইরান
অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের ওপর চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবেই তারা এই পাল্টা আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানি হামলার কড়া সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ এক বিবৃতিতে বলেছে, এই ধরনের হামলা সরাসরি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
সার্বভৌমত্বের ওপর এই অবিরাম আঘাতের ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে তারা এই পরিস্থিতির জন্য গুরুতর পরিণতির বিষয়েও সতর্ক করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলায় ইরানের অসংখ্য সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের পথে। এএফপির সংবাদে ইরানের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে।
পাল্টাপাল্টি হামলার এই প্রবাহ মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের কিনারে নিয়ে গেছে। তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান এই বিধ্বংসী লড়াই বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক শান্তিতে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায় এখন কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



