বিশ্লেষণ: ইরান যুদ্ধ কতদিন চলবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ৮:৩৭পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্লেষণ: ইরান যুদ্ধ কতদিন চলবে

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি

শেয়ার করুন:

বিশ্লেষক জন হফম্যান বলেন, ট্রাম্প কম খরচে চমকপ্রদ বিজয় পছন্দ করেন। কিন্তু ইরান যুদ্ধ ভেনেজুয়েলা বা অন্য যে কোনো অভিযান থেকে মৌলিকভাবে ভিন্ন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান শুরুর আগে ধারণা করেছিলেন, এই যুদ্ধে খুব কম মার্কিন নাগরিকের প্রাণহানি হবে এবং অর্থনীতিতে সামান্যই প্রভাব পড়বে।

 

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়, কিন্তু যুদ্ধ শুরুর কয়েক দিনেই সেই হিসাব উল্টে গেছে।

 

ইতিমধ্যেই ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলো হামলার মুখে পড়েছে। শেয়ারবাজার টালমাটাল, গ্যাসের দাম বাড়ছে। প্রতিদিন লাখ লাখ ডলার খরচ করছে মার্কিন সামরিক বাহিনী।

 

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৭৫ জনের মৃত্যুর ঘটনায়। ইরানের দাবি, এটি মার্কিন হামলা। ট্রাম্প প্রশাসন বলছে, তারা তদন্ত করছে।

 

ট্রাম্প প্রশাসন পূর্ববর্তী সময়ে বেশ কয়েকটি দ্রুত ও ‘সফল’ সামরিক অভিযান চালিয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে অভিযান, এমনকি ইরাক, নাইজেরিয়া ও সোমালিয়ায় বোমা হামলা—এসব অভিযানে মার্কিন নাগরিকের প্রাণহানি ছিল শূন্যের কাছাকাছি।

 

এই সাফল্যই ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস জুগিয়েছিল ট্রাম্পকে। কিন্তু এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।

 

কলোরাডোর ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদ সদস্য জ্যাসন ক্রো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও সেই ‘অনন্ত যুদ্ধের’ পথে এগোচ্ছে, যা তিনি ইরাক ও আফগানিস্তানে সরাসরি দেখেছেন।

 

ক্রো বলেন, ‘আবারও সেই লাখো কোটি ডলার খরচ, হাজার হাজার মার্কিন নাগরিকের প্রাণহানি, কয়েক দশকের অন্তহীন সংঘাতের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।’

 

ক্যাটো ইনস্টিটিউটের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক জন হফম্যান বলেন, ট্রাম্প কম খরচে চমকপ্রদ বিজয় পছন্দ করেন। কিন্তু ইরান যুদ্ধ ভেনেজুয়েলা বা অন্য যে কোনো অভিযান থেকে মৌলিকভাবে ভিন্ন।

 

হফম্যান ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহত হওয়া এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার দিকে ইঙ্গিত করে বলেন, ‘ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। পরিস্থিতি আরও খারাপ হবে।’

 

অন্যদিকে, কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো এলিয়ট আব্রামস মনে করেন, ইরানের নেতাদের হত্যা ও সামরিক সক্ষমতা ভেঙে ফেলার মাধ্যমে বড় সুবিধা অর্জন করা যাবে। তিনি বলেন, ‘এ শাসকগোষ্ঠী ৪০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন নাগরিকদের হত্যার চেষ্টা করেছে। এখন তাদের নির্মূল করা গেলে, তা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে।’

 

তবে হফম্যান সতর্ক করে বলেন, ইরানে বিভক্তি তৈরি করার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তার মতে, এতে ব্যাপক শরণার্থী সংকট দেখা দিতে পারে এবং আইএসআইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হবে।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত অল্প সময়ের মধ্যে শেষ হবে না। তিনি বলেছেন, ‘আমরা গতি কমাচ্ছি না, বরং আরও বাড়াচ্ছি। আরও বোমারু বিমান ও যুদ্ধবিমান এসে পৌঁছাচ্ছে।’

 

ট্রাম্প প্রশাসন এখন ইরানের শাসকগোষ্ঠী পরিবর্তনের লক্ষ্যে এগোলে যুদ্ধটি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রবল। সেক্ষেত্রে ট্রাম্পের সেই ‘সীমিত যুদ্ধের’ হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হতে পারে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: