ইরান যুদ্ধ: আকাশে মার্কিন আধিপত্যে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ৭:০৮পরিবর্তন করতে ক্লিক করুন
ইরান যুদ্ধ: আকাশে মার্কিন আধিপত্যে ধাক্কা

ছবি: ইউএস এয়ারফোর্স

শেয়ার করুন:

যুদ্ধের আর্থিক ব্যায়ও আকাশচুম্বী। প্রথম ১৬ দিনেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রায় ২৬ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ব্যবহার করেছে। সস্তা ড্রোন ঠেকাতে তারা ব্যবহার করছে প্যাট্রিয়ট ও থাডের মতো অত্যন্ত ব্যয়বহুল মিসাইল, যার ফলে মার্কিন অস্ত্রভাণ্ডারের মজুতও চাপের মুখে পড়েছে।

 

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ১৩ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্যমতে, এ পর্যন্ত ১২ হাজার ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে তারা সফল আঘাত হেনেছে।

 

বিশ্লেষণ বলছে, তবে এই ব্যাপক আক্রমণের মুখেও মার্কিন বিমানবাহিনীর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে তাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর ভূপাতিত হওয়া। দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর এই প্রথম কোনো শত্রুর হামলায় মার্কিন বিমান ধ্বংসের ঘটনা বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

যুদ্ধের আর্থিক ব্যায়ও আকাশচুম্বী। প্রথম ১৬ দিনেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রায় ২৬ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ব্যবহার করেছে। সস্তা ড্রোন ঠেকাতে তারা ব্যবহার করছে প্যাট্রিয়ট ও থাডের মতো অত্যন্ত ব্যয়বহুল মিসাইল, যার ফলে মার্কিন অস্ত্রভাণ্ডারের মজুতও চাপের মুখে পড়েছে। এই যুদ্ধ প্রমাণ করছে যে, আধুনিক সংঘাত শুধুমাত্র প্রযুক্তির লড়াই নয়, বরং এটি দীর্ঘমেয়াদী রসদ ও প্রতিরোধের এক জটিল সমীকরণ।

 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত অন্তত ৭টি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হারিয়েছে। এর মধ্যে ইরানের আকাশসীমায় একটি ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে একটি ‘এ-১০ ওয়ারথগ’ ভূপাতিত হওয়ার খবরটি চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও মার্কিন বিশেষ বাহিনী দুই দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে এফ-১৫ই-এর ক্রু এবং এ-১০-এর পাইলটকে জীবিত উদ্ধার করার দাবি করেছে, তবুও এই ঘটনা মার্কিন প্রযুক্তির অপ্রতিরোধ্য সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়াও তালিকায় রয়েছে তিনটি এফ-১৫, একটি কেসি-১৩৫ রিফুয়েলিং ট্যাংকার এবং একটি ই-৩ সেন্ট্রি কমান্ড বিমান। রয়টার্স ও আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, উদ্ধার অভিযানের সময় ইরান আরও দুটি সি-১৩০ পরিবহন বিমান ও কয়েকটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে।

 

এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রগুলো ব্যবহার করছে। এফ-১৫ই স্ট্রাইক ইগল, যা ঘণ্টায় ১,৮৭৫ মাইল বেগে উড়তে সক্ষম এবং ২০ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহন করতে পারে, তা নিঁখুত হামলার জন্য ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, আকাশে একক আধিপত্য বজায় রাখতে পঞ্চম প্রজন্মের এফ-২২ র‍্যাপ্টর ব্যবহৃত হচ্ছে, যার 'স্টেলথ' প্রযুক্তি একে রাডার থেকে আড়াল করে রাখে। আছে এফ-৩৫এ লাইটনিং ২, যা এর সেন্সর ফিউশন প্রযুক্তির মাধ্যমে পাইলটকে ৩৬০ ডিগ্রি পরিবেশ দেখার সুবিধা দেয়। কিন্তু এত আধুনিক প্রযুক্তি সত্ত্বেও মার্কিন বিমানগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

 

বিশ্লেষকদের মতে, এফ-২২ বা এফ-৩৫-এর স্টেলথ ক্ষমতা থাকলেও এফ-১৫ই বা এ-১০ বিমানের তা নেই। এছাড়া অনেক সময় নিখুঁত নিশানার জন্য বিমানগুলোকে অনেক নিচু দিয়ে উড়তে হয়, যা তাদের কাঁধে বহনযোগ্য পোর্টেবল মিসাইলের সহজ লক্ষ্যে পরিণত করে। সামরিক বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু মনে করেন, শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক সক্রিয় থাকলেও তা বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। ইরানের শক্তিশালী রাডার জ্যামিং ব্যবস্থা এবং বিপুল সংখ্যক শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোনের উপস্থিতি মার্কিন বাহিনীর জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে।

 

আনাদোলু এজেন্সির তথ্যমতে, সৌদি আরবের একটি ঘাঁটিতে ইরানের হামলায় একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস হয়েছে। আল জাজিরা জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন বাহিনী নিজেরাই তাদের দুটি এমসি-১৩০জে বিমান ধ্বংস করে দিতে বাধ্য হয়। এই সংঘাত একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে এনেছে—শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলেই আকাশযুদ্ধের চূড়ান্ত আধিপত্য নিশ্চিত করা যায় না। সস্তা ড্রোন বা সাধারণ মিসাইল দিয়েও শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা সম্ভব।

 

 

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: