'অপারেশন এপিক ফিউরি'তে কার জয়?

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি
যুদ্ধবিরতি চুক্তিতে প্রণালিটি খুলে দেওয়ার কথা থাকলেও এর নিয়ন্ত্রণ কার্যত তেহরানের হাতেই থেকে যাচ্ছে।
বিশ্ব অর্থনীতি যখন যুদ্ধের প্রভাবে টালমাটাল, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ একটি অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত থেমেছে। প্রায় ছয় সপ্তাহের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে। তবে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে আসলে কী পেলেন?
বিশ্লেষণ বলছে, দীর্ঘ এই অভিযানের পেছনে ছিল এক উচ্চাভিলাষী সামরিক লক্ষ্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চার স্তরের পরিকল্পনা দ্বারা প্রভাবিত হয়ে ট্রাম্প চেয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা, সামরিক শক্তি পঙ্গু করা এবং শেষ পর্যন্ত শাসনব্যবস্থার পতন ঘটিয়ে সেখানে একটি ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা চিরতরে শেষ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দেওয়া।
সিএনএনের খবরে বলা হয়, সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্যের দাবি করছে। মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড বা সেন্টকমের তথ্য অনুযায়ী, পাঁচ সপ্তাহে ১৩ হাজারেরও বেশি মিসাইল ও বোমা নিক্ষেপ করে ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
পেন্টাগন দাবি করছে, ইরানের নৌ ও বিমান বাহিনী এখন প্রায় নিঃশেষ এবং তাদের ড্রোন কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। কিন্তু এই সামরিক বিজয় কি রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে পেরেছে? ট্রাম্প আশা করেছিলেন খামেনির মৃত্যুর পর ইরানে ব্যাপক গণঅভ্যুত্থান ঘটবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। উল্টো নিহতের স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোজতবা তার বাবার চেয়েও অনেক বেশি কট্টরপন্থী এবং পশ্চিমা বিদ্বেষী। ফলে যে শাসনব্যবস্থা পরিবর্তনের আশা ট্রাম্প করেছিলেন, তা সফল হয়নি। বরং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে খামেনির যে ধর্মীয় ফতোয়া ছিল, তার মৃত্যুর পর সেটিও বাতিল হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এখন উত্তর কোরিয়ার মডেলে নিজেদের অস্তিত্ব রক্ষায় ইরান আরও দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে ঝুঁকতে পারে।
এই যুদ্ধের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দিক হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। বিশ্বজুড়ে তেলের দাম যখন ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে, তখন এই জলপথের ওপর ইরানের একচ্ছত্র আধিপত্য ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
যুদ্ধবিরতি চুক্তিতে প্রণালিটি খুলে দেওয়ার কথা থাকলেও এর নিয়ন্ত্রণ কার্যত তেহরানের হাতেই থেকে যাচ্ছে। ইরান এখন এই প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে মোটা অঙ্কের টোল আদায়ের পরিকল্পনা করছে। যদি প্রতি জাহাজের জন্য নির্দিষ্ট অর্থ বা প্রতি ব্যারেল তেলে এক ডলার টোল আদায় করা হয়, তবে ইরান বছরে প্রায় ৯০ বিলিয়ন ডলার আয় করতে পারে। এই বিপুল অর্থ তাদের অর্থনীতিকে আগের চেয়েও বেশি শক্তিশালী করে তুলবে।
একই সঙ্গে এই যুদ্ধ আমেরিকার বৈশ্বিক প্রভাবেও নেতিবাচক প্রভাব ফেলেছে। ন্যাটোভুক্ত পশ্চিমা মিত্রদের এই যুদ্ধে পাশে পাননি ট্রাম্প। এমনকি সৌদি আরব বা কুয়েতের মতো উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক না করে যুদ্ধ শুরু করায় তাদের তেল স্থাপনাগুলো ইরানি হামলার শিকার হয়েছে, যা ওয়াশিংটনের সঙ্গে এসব দেশের আস্থার সম্পর্কে চিড় ধরিয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার সুযোগে চীন কোনো সামরিক হস্তক্ষেপ ছাড়াই ওই অঞ্চলে নিজের প্রভাব ও বিনিয়োগ বহুগুণ বাড়িয়ে নিয়েছে। সব মিলিয়ে একটি চূড়ান্ত বিজয়ের নেশায় যুদ্ধে জড়ালেও ট্রাম্পকে শেষ পর্যন্ত একটি অনিশ্চিত যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে, যা ইরানকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার এক অভূতপূর্ব সুযোগ করে দিল।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



