ইরানে শান্তি কতদূর?
ছবি: পিক্সেল
'এই ভয়াবহ হত্যাযজ্ঞ আর যুদ্ধের শোক ও ট্রমা আমরা কীভাবে কাটিয়ে উঠব, তা আমার জানা নেই। শান্তি ও মুক্তির পথ এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।'
পারস্য উপসাগরের আকাশে যুদ্ধের যে ঘনঘটা বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল, দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি সেখানে এক স্বস্তির নিশ্বাস হয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এই সমঝোতা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ—হরমুজ প্রণালি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে ইরান এই প্রণালি উন্মুক্ত করতে রাজি হওয়ার পর তেহরানের রাস্তায় সাধারণ মানুষের বিজয়োল্লাস দেখা যাচ্ছে।
ইরানি কবি ও এক্টিভিস্ট শাহরজাদ এফ. শামস পরিস্থিতি বর্ণনা করে বলেন, 'গত তিন মাসের দুঃসহ বিভীষিকা কাটিয়ে উঠে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আমার শরীর ও মন এখন প্রায় পুরোপুরি বিধ্বস্ত। ট্রাম্পের ঘনঘন মেজাজ পরিবর্তন, বিভ্রান্তিকর সব বক্তব্য আর হুংকার দিয়ে দেওয়া সময়সীমা একটি আস্ত জাতির ওপর যে মানসিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তা কোনো যুদ্ধাপরাধের চেয়ে কম নয়।'
তিনি বলেন, 'এই ভয়াবহ হত্যাযজ্ঞ আর যুদ্ধের শোক ও ট্রমা আমরা কীভাবে কাটিয়ে উঠব, তা আমার জানা নেই। শান্তি ও মুক্তির পথ এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।'
'তবুও আশাই এখন আমাদের টিকে থাকার একমাত্র অবলম্বন', যোগ করেন কবি।
আল জাজিরা জানায়, এই সংকটের সবচেয়ে বিস্ময়কর মোড় হলো মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের আবির্ভাব। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অত্যন্ত সুনিপুণভাবে ট্রাম্পকে আলোচনার সময়সীমা বাড়ানোর জন্য রাজি করিয়েছেন এবং তেহরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার গুরুত্ব বুঝিয়েছেন। দীর্ঘদিনের মিত্র আমেরিকা এবং প্রতিবেশী ইরানের মধ্যে সেতুবন্ধন তৈরি করে পাকিস্তান আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিরতির এই সময়ে জাহাজ চলাচলের বিষয়টি তাদের সশস্ত্র বাহিনীই সমন্বয় করবে, যা তাদের সার্বভৌমত্বের এক প্রকার স্বীকৃতি হিসেবেই দেখছে তেহরান।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় সত্যের চেয়ে ‘ন্যারেটিভ’ বা বয়ান বেশি শক্তিশালী হয়। এই যুদ্ধবিরতিকে ইরান তাদের জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার জয় হিসেবে চিত্রিত করছে। ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল গুপ্তহত্যার মাধ্যমে সরকার উৎখাত করা, যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প একে তার ‘একশ ভাগ ও চূড়ান্ত বিজয়’ বলে দাবি করছেন। তার ভাষ্যমতে, এই চুক্তির ফলে ইরানের ইউরেনিয়াম মজুতের বিষয়টি তাঁর নিয়ন্ত্রণে আসবে। ট্রাম্প এখানে চীনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন, যা ইঙ্গিত দেয় যে বৈশ্বিক শক্তিগুলো এখন ডলারের রাজনীতির বাইরেও নতুন কোনো সমীকরণে কাজ করছে।
যুদ্ধবিরতি ঘোষণা করলেও ট্রাম্পের ঘরোয়া স্বস্তি মিলছে না। ইরানের প্রতি তাঁর ‘গণহত্যামূলক’ এবং ‘উন্মাদনাপূর্ণ’ বক্তব্যের কারণে ডেমোক্র্যাটরা তাঁর অভিশংসন বা ইমপিচমেন্ট প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে অনড়। একদিকে তিনি বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠাকারীর কৃতিত্ব নিতে চাইছেন, অন্যদিকে তাঁর যুদ্ধংদেহী বাগাড়ম্বর তাঁকে খোদ নিজের দেশেই আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথে যাত্রা, নাকি কেবল পরবর্তী বড় সংঘাতের আগের প্রস্তুতি—তা সময়ই বলবে। তবে পাকিস্তান এই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ায় দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তন স্পষ্ট। যদি শুক্রবারের আলোচনা সফল হয়, তবে তা হবে বর্তমান দশকের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। আর যদি ব্যর্থ হয়, তবে পারস্য উপসাগর আবারও এক ভয়াবহ আগ্নেয়গিরিতে পরিণত হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



