ইরান-মার্কিন যুদ্ধে কে টিকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ৮:২০পরিবর্তন করতে ক্লিক করুন
ইরান-মার্কিন যুদ্ধে কে টিকবে

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি

শেয়ার করুন:

মার্কিন বাহিনী বেশি নির্ভর করে নির্ভুলভাবে আঘাত করতে পারে, এমন ব্যয়বহুল অস্ত্রের ওপর। এগুলো কম সংখ্যায় বানানো হয়।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার দেশের হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের ‘কার্যত অফুরান ভাণ্ডার’ আছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যেমন ভাবছে, তাদের ‘শত্রুকে প্রতিরোধ করার সক্ষমতা’ তার চেয়েও বেশি।

 

শুধু অস্ত্রের ভাণ্ডার ও সরবরাহের ওপর এই সংঘাতের ফলাফল নির্ধারিত হবে না, তবে নিশ্চিতভাবেই অস্ত্রের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক। যেমন, অস্ত্র ও গোলাবারুদের সংখ্যার দিক থেকে রাশিয়া ইউক্রেনকে অনেক আগেই পিছনে ফেলে দিয়েছে। কিন্তু তবুও যুদ্ধ থামেনি।

 

বিবিসি জানিয়েছে, তেল আভিভ-ভিত্তিক ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)-এর হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যেই দুই হাজারেরও বেশি হামলা চালিয়েছে। প্রতিটি হামলায় একাধিক বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

 

আইএনএসএস বলছে, ইরান ৫৭১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর ১৩৯১টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে অনেকগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার কমে আসছে। যুদ্ধের প্রথম দিনে যেখানে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান, এখন তা মাত্র কয়েক ডজনে এসে দাঁড়িয়েছে।

 

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম বলছে, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যেই হামলার সংখ্যা ২৩ শতাংশ কমেছে। মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ড্যান কেইন বুধবার বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার প্রথম দিনের তুলনায় ৮৬ শতাংশ কমে গেছে।

 

যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে আনুমানিক দুই হাজারেরও বেশি স্বল্প-দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। ধারণা করা হয়, ইরান একমুখী আক্রমণ চালাতে সক্ষম 'শাহেদ ড্রোন' হাজার হাজার সংখ্যায় উৎপাদন করেছে। এই ড্রোনের প্রযুক্তি তারা রাশিয়ার কাছেও রফতানি করেছে।

 

মার্কিন বাহিনী এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। অন্য যেকোনো দেশের চেয়ে তাদের হাতে চিরাচরিত অস্ত্রের মজুত বেশি। তবে মার্কিন বাহিনী বেশি নির্ভর করে নির্ভুলভাবে আঘাত করতে পারে, এমন ব্যয়বহুল অস্ত্রের ওপর। এগুলো কম সংখ্যায় বানানো হয়।

 

ট্রাম্প এ সপ্তাহের শেষের দিকে সামরিক অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে একটি বৈঠক ডেকেছেন। উৎপাদন বৃদ্ধির জন্য তাদের ওপর চাপ তৈরি করা হতে পারে। এর থেকে বোঝা যায় যে, আমেরিকার অস্ত্রভাণ্ডারে টান পড়ছে।

 

জেনারেল কেইন বলেছেন, এখন টমাহক ক্রুজ মিসাইলের মতো দামি ও অত্যাধুনিক লম্বা দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর্যায় পেরিয়ে গেছে। মার্কিন বিমানবাহিনী এখন তুলনামূলকভাবে কম মূল্যের জেডিএএম বোমার মতো অস্ত্র ব্যবহার করছে। এগুলো লক্ষ্যবস্তুর ওপর সরাসরি নিক্ষেপ করা যায়।

 

ওয়াশিংটন-ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলছেন, অনেক দূর থেকে প্রাথমিক হামলা চালানোর পরে যুক্তরাষ্ট্র এখন তুলনামূলক কম দামি ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করতে পারে। এভাবে চললে যুক্তরাষ্ট্র "প্রায় অনির্দিষ্টকালের জন্য" যুদ্ধ চালিয়ে যেতে পারবে।

 

মার্ক ক্যানশিয়ান বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার জেডিএএম বোমা আছে, তবে বহুমূল্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ কম। 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্রের চাহিদা খুবই বেশি ছিল—শুধু যুক্তরাষ্ট্রের দিক থেকে নয়, আরব-মিত্র দেশ এবং ইউক্রেনেরও চাহিদা ছিল। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিটি প্যাট্রিয়ট মিসাইলের দাম পড়ে ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

 

যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রায় ৭০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারে। সিএসআইএসের হিসাব অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১৬০০টি প্যাট্রিয়ট মিসাইল আছে, যা সম্প্রতি কমে এসেছে।

 

ক্যানশিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বিমান থেকে ভূমিতে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালাতে পারে, তাহলে বিমান প্রতিরোধের লড়াই আরও অনিশ্চিত হয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প প্যাট্রিয়টের সংখ্যা আরও কমিয়ে ফেলতে চান, তাহলে ইরানিদের পরাস্ত করা সম্ভব—তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো সংঘাত তৈরি হলে সমস্যা হবে।’

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন ইরানের আকাশে আধিপত্য চালাচ্ছে। ইরানের বিমান-প্রতিরোধ ব্যবস্থা প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। কার্যকরী বিমান বাহিনীও দেশটিতে আর নেই।

 

সেন্ট-কম বলছে, যুদ্ধের পরবর্তী পর্যায়ে নজর দেওয়া হবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের স্থাপনাগুলো, অস্ত্রের মজুত এবং উৎপাদন কারখানা ধ্বংস করার ওপর। ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে সহজতর হবে। তবে ফ্রান্সের তিনগুণ বড় দেশ ইরানের সব অস্ত্রভাণ্ডার ধ্বংস করা কঠিন হবে।

 

আকাশপথে যুদ্ধের সীমাবদ্ধতা সাম্প্রতিক অতীতে দেখা গেছে। দুই বছর ধরে ক্রমাগত বোমাবর্ষণ করেও ইসরায়েল গাজায় হামাসকে ধ্বংস করতে পারেনি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও এক বছর ধরে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের মধ্যেও টিকে আছে।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জোর দিয়ে বলেছেন, ‘ইরান আমাদের বিরুদ্ধে টিকতে পারবে না।’ অস্ত্রের দিক থেকে এই কথাটা তিনি সম্ভবত ঠিকই বলেছেন।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: