ইরান যুদ্ধ কি দ্রুত শেষ হচ্ছে?

ছবি: ইউএস সেন্ট্রাল একাডেমি
আমেরিকা আসলে এই যুদ্ধের গতিপ্রকৃতি বা পরিণতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না।
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে এক জটিল সমীকরণে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনী ইরান ত্যাগ করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, তবে যুদ্ধক্ষেত্রে যে ভয়াবহতা এবং রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, তাতে ট্রাম্পের এই দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। একদিকে তিনি বলছেন যুদ্ধের কঠিন সময় পার হয়ে গেছে এবং ইরান প্রায় ধ্বংসের পথে, অন্যদিকে তেহরান কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছে।
আল জাজিরা জানায়, গত পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর সাঁড়াশি হামলায় মধ্যপ্রাচ্য যে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রভাব কেবল ওই অঞ্চলের সীমানায় সীমাবদ্ধ নেই; বরং তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য এক চরম দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্পের বক্তব্যের মূল সুর ছিল ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এক আগ্রাসী প্রতিফলন। তিনি দাবি করেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে অক্ষম করে দেওয়ার লক্ষ্য পূরণ হলেই আমেরিকা এই যুদ্ধ থেকে সরে আসবে।
তার ভাষায় ইরানকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আধুনিক সমরাস্ত্রের মাধ্যমে কোনো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা গেলেও সেখানকার ভূ-রাজনৈতিক প্রভাব বা সংঘাতের মূল কারণগুলো নির্মূল করা সহজ নয়। বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন স্পষ্ট করে বলছেন যে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না, তখন বোঝা যায় সংঘাতটি কোনো সমাধান বা চুক্তির দিকে যাচ্ছে না, বরং এটি একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে ধাবিত হচ্ছে।
আরাগচির বক্তব্য অনুযায়ী, গত পাঁচ সপ্তাহে সরাসরি এবং পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান হলেও বিশ্বাসের জায়গাটি বর্তমানে শূন্যের কোঠায়। এমন পরিস্থিতিতে কোনো পক্ষের নমনীয়তা ছাড়া ট্রাম্পের দেওয়া দুই-তিন সপ্তাহের সময়সীমা কেবল একটি রাজনৈতিক স্ট্যান্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এই যুদ্ধের সবচেয়ে সরাসরি এবং দৃশ্যমান প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। গালফ অঞ্চলের তেল উৎপাদন কেন্দ্রগুলোতে ইরানের হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ফলে সারা বিশ্বে অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
ট্রাম্প এই পরিস্থিতির জন্য তাঁর মিত্র দেশগুলোকেও দায়ী করতে ছাড়েননি। বিশেষ করে যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্রদের প্রতি তাঁর আক্রমণাত্মক বার্তা ছিল অভূতপূর্ব। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মিত্ররা যদি সামরিকভাবে সহায়তা না করে, তবে তাদের তেলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমেরিকা নেবে না। ‘নিজেদের তেল নিজেরা জোগাড় করে নিন’—ট্রাম্পের এই কঠোর বাক্য মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার চিরাচরিত সম্পর্কের ফাটলকেই স্পষ্ট করে তোলে।
ন্যাটোর মিত্রদের ওপর যুদ্ধের বোঝা চাপানোর এই প্রবণতা আমেরিকার বৈশ্বিক নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি করছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধকে যতটা সহজভাবে শেষ করার কথা বলছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। কুয়িন্সি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ত্রিতা পারসি যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, যুদ্ধের শুরুতে দাবি করা হয়েছিল এটি চার দিনের মধ্যে শেষ হবে। এরপর তিন সপ্তাহ আগে বলা হয়েছিল আরও তিন সপ্তাহ লাগবে। এখন আবার নতুন করে দুই থেকে তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হচ্ছে। এর অর্থ দাঁড়ায়, আমেরিকা আসলে এই যুদ্ধের গতিপ্রকৃতি বা পরিণতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না।
ইসরায়েলের লেবানন আক্রমণ এবং ইরানে লাগাতার বিমান হামলা হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। মানবিক বিপর্যয় যখন চরমে, তখন কেবল সামরিক বিজয়ের দাবি করে যুদ্ধ থেকে সটকে পড়া কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া ইরান ও লেবাননের প্রতিরোধ ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের তৎপরতা এই সংঘাতকে একটি আঞ্চলিক মহাযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।
বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের ঘোষণা সম্ভবত তাঁর অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখার এবং মিত্রদের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। মার্কিন জনগণের কাছে তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি আমেরিকার সম্পদ ও সৈন্য অহেতুক যুদ্ধে ব্যয় করতে চান না।
কিন্তু অন্যদিকে, তেহরানকে পরমাণু সক্ষমতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার যে লক্ষ্যের কথা তিনি বলছেন, তা অর্জিত হওয়া মাত্র দুই-তিন সপ্তাহে সম্ভব কি না, তা নিয়ে সামরিক বিশ্লেষকরা একমত নন। আলোচনা ছাড়া কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে। যদি প্রকৃত অর্থেই কোনো সমঝোতা বা কূটনীতি সক্রিয় না হয়, তবে তিন সপ্তাহ পরে ট্রাম্পকে আবারও নতুন কোনো অজুহাত বা নতুন কোনো সময়সীমা নিয়ে হাজির হতে দেখা যেতে পারে।
বর্তমান পরিস্থিতি নির্দেশ করছে যে, ইরান যুদ্ধ কেবল একটি দেশের বা একটি অঞ্চলের সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামরিক সমীকরণের এক কঠিন পরীক্ষা।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



