ইরানে হামলা নিয়ে ট্রাম্পের ক্ষমতা প্রশ্নবিদ্ধ
ছবি: হোয়াইট হাউজ, এক্স
সিএনএনের এক বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে, রিপাবলিকান সরকারের এই প্রধান আদতে দেশটির সংবিধান লঙ্ঘন করছেন কি না।
তেহরানে ইসরায়েলের আকস্মিক হামলার পর ওয়াশিংটন এতে নিজেদের সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
তবে কংগ্রেসের পূর্ব অনুমোদন ছাড়া এই বিশাল সামরিক অভিযান শুরু করায় খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে তীব্র সাংবিধানিক বিতর্ক। সিএনএনের এক বিশ্লেষণে প্রশ্ন তোলা হয়েছে, রিপাবলিকান সরকারের এই প্রধান আদতে দেশটির সংবিধান লঙ্ঘন করছেন কি না।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে এই নতুন সামরিক অভিযান ট্রাম্পের সাংবিধানিক কর্তৃত্বের সীমা অতিক্রম করেছে, বিশেষ করে যদি এটি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয়। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস্টোফার অ্যান্ডার্স সোজাসুজি বলেছেন, ইরান আক্রমণ করে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, তার মতে, যুদ্ধ ঘোষণা করা এবং মার্কিন সেনাদের রণাঙ্গনে পাঠানোর চূড়ান্ত ক্ষমতা কেবল কংগ্রেসের হাতেই ন্যস্ত। অ্যান্ডার্স দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে এই ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করার চেষ্টা করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন অবশ্য এসব অভিযোগের বিপরীতে সংবিধানের ‘আর্টিকেল ২’-এর দোহাই দিচ্ছে। এই ধারা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে মার্কিন জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করছেন, ২০২৪ সালে সুপ্রিম কোর্টের দেওয়া দায়মুক্তি সংক্রান্ত রায় তাদের এই ব্যাপক ক্ষমতা ব্যবহারের আইনি ভিত্তি জুগিয়েছে। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার অভিযানের সময়ও বিচার বিভাগ গোপনীয় আইনি মতামত দিয়ে জানিয়েছিল যে, বিদেশে আইন প্রয়োগকারী অভিযানের ক্ষেত্রে প্রেসিডেন্ট দেশীয় আইনে সীমাবদ্ধ নন।
জর্জ মেসন ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ইলিয়া সোমিন ট্রাম্পের এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন, ট্রাম্প নিজেই তার ভিডিও বার্তায় স্বীকার করেছেন যে এটি একটি যুদ্ধ। সংবিধানে দ্ব্যর্থহীনভাবে উল্লেখ আছে যে কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা বা অনুমোদন করতে পারে।
ট্রাম্প তার বার্তায় ইরানি শাসকগোষ্ঠীকে ‘হত্যার নেশায় মত্ত’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এই হামলা ভবিষ্যতের মহৎ লক্ষ্যের জন্য করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের এই আবেগপূর্ণ বক্তৃতা আইনি বৈধতার বিকল্প হতে পারে না।
জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ ভ্লাডেক মনে করেন, বিচার বিভাগ অতীতে এ ধরনের হামলাকে সমর্থন করার জন্য কিছু বিতর্কিত যুক্তি হাজির করেছিল। সেই সব যুক্তির মূল ভিত্তি ছিল—হামলাগুলো হবে সীমিত পরিসরের এবং এর কারণে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। কিন্তু ইরানের বিরুদ্ধে বর্তমান অভিযানটি ‘বিশাল ও চলমান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী কয়েক দিনব্যাপী এই হামলা চালানোর পরিকল্পনা করছে, যা কোনোভাবেই ‘সীমিত’ সংজ্ঞার মধ্যে পড়ে না।
অতীতে জর্জ এইচ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং খোদ ট্রাম্প তার প্রথম মেয়াদে আর্টিকেল ২-এর ক্ষমতা ব্যবহার করে সিরিয়া বা লিবিয়ায় হামলা চালিয়েছিলেন। এমনকি ২০০২ সালের ইরাক যুদ্ধের অনুমোদন বা ৯/১১ পরবর্তী সন্ত্রাসবাদ বিরোধী আইনকেও বারবার নতুন যুদ্ধের অজুহাত হিসেবে টানা হচ্ছে।
তবে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত এই অভিযান যদি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নেয়, তবে হোয়াইট হাউসকে কংগ্রেসে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



