বিশ্লেষণ: ইরান যুদ্ধে রাশিয়ার দ্বৈত কৌশল কী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৮:০০পরিবর্তন করতে ক্লিক করুন
বিশ্লেষণ: ইরান যুদ্ধে রাশিয়ার দ্বৈত কৌশল কী
শেয়ার করুন:

রাশিয়ার জন্য এই সংকট নিজেকে বৈশ্বিক প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

মধ্যপ্রাচ্যে যখন ইরান ও ইসরায়েল-মার্কিন জোটের মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে, ঠিক তখনই নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপনের কৌশল নিয়েছে রাশিয়া। গত এক সপ্তাহে দুই দফায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু এই শান্তি উদ্যোগের আড়ালে লুকিয়ে আছে মস্কোর জটিল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিন এখন ইরান যুদ্ধে ‘দ্রুত উত্তেজনা কমানো ও রাজনৈতিক সমাধানের’ আহ্বান জানাচ্ছে। পুতিন নিজেকে আন্তর্জাতিক মধ্যস্থতার ভূমিকায় উপস্থাপন করছেন। কিন্তু এই ভাবমূর্তি বাস্তবতার নিরিখে সহজে মেনে নেওয়া যায় না। কারণ একই নেতা ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন চালিয়ে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

 

সোমবার ট্রাম্পের সাথে পুতিনের টেলিফোন আলাপের পর ক্রেমলিন জানায়, পুতিন ‘উপসাগরীয় দেশগুলোর নেতা ও ইরানের প্রেসিডেন্টের সাথে যোগাযোগের ভিত্তিতে ইরান সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক সমাধানের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা ব্যক্ত করেছেন।’ অর্থাৎ, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে নিজের প্রভাব বিস্তারের পথ তৈরি করছে মস্কো।

 

রাশিয়ার জন্য এই সংকট নিজেকে বৈশ্বিক প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। কিন্তু এর পেছনে আরেকটি হিসাব কাজ করছে—ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদার করা। ক্রেমলিন মনে করছে, ট্রাম্পের সাথে সুসম্পর্ক ইউক্রেন যুদ্ধে মস্কোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

 

এজন্যই ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সমালোচনায় পুতিন এত সতর্ক। ট্রাম্প নিজেও পুতিনের প্রসঙ্গে বলেছেন, ‘তিনি সাহায্যে করতে চান।’ তবে সঙ্গে যোগ করেছেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসান করে আপনি সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন।’

 

ইরান যুদ্ধ রাশিয়াকে অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধাও দিচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছিল। বর্তমানে কিছুটা কমলেও তা রাশিয়ার বাজেট লক্ষ্যমাত্রা ৫৯ ডলারের ওপরে রয়েছে।

 

রাশিয়ার ফেডারেল বাজেট তেল রপ্তানি থেকে আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, উচ্চমূল্যের এই ধারা তা পূরণে সহায়তা করছে। দীর্ঘমেয়াদি এই উচ্চ মূল্য ইউক্রেন যুদ্ধের খরচ চালিয়ে নিতেও সাহায্য করবে মস্কোকে।

 

এর চেয়েও বড় বিষয় হলো, ট্রাম্প ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেল সংকট মেটাতে বেশ কিছু দেশের ওপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদি রাশিয়ার ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তা হবে মস্কোর জন্য বড় ধরনের অপ্রত্যাশিত আর্থিক লাভ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিমধ্যে এটাকে কিয়েভের জন্য ‘ভয়াবহ আঘাত’ বলে উল্লেখ করে ট্রাম্পকে এ পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

ক্রেমলিন যেখানে ট্রাম্পের সমালোচনা এড়িয়ে চলছে, সেখানে রাশিয়ার সংবাদমূলক কিন্তু ভিন্ন পথে হাঁটছে। ক্রেমলিনপন্থি দৈনিক কমসোমোলস্কায়া প্রাভদা শিরোনাম করেছে, ‘ব্যয়বহুল তেলই (পশ্চিমাদের জন্য) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি কারণ।’

 

অপরদিকে ট্যাবলয়েড মস্কোভস্কি কমসোমোলেটস-এর মঙ্গলবারের সংস্করণে ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলা হয়েছে, ‘এই “পিস প্রেসিডেন্ট” স্রেফ পাগল হয়ে গেছেন। এই শাসক বাস্তবতা মানতে চাচ্ছেন না এবং না আছে তার মানসিক সুস্থতা।’

 

রাশিয়ার জন্য ইরান যুদ্ধ একইসাথে একাধিক সুবিধা তৈরি করছে। প্রথমত, মধ্যস্থতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠাতার ইমেজ গড়ার সুযোগ। দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের পথ তৈরি। তৃতীয়ত, তেলের দাম বৃদ্ধি থেকে অর্থনৈতিক লাভ। এবং সর্বোপরি, সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জনের সম্ভাবনা।

 

ক্রেমলিনের জন্য এই যুদ্ধ তাই শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং নিজেদের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করার এক বিরল সুযোগ। তবে এই সুযোগ কাজে লাগাতে গিয়ে পুতিনকে হাঁটতে হবে সতর্কতার সাথে—একদিকে যেমন ট্রাম্পের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, অন্যদিকে ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্বও বজায় রাখতে হবে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: