ইরান যুদ্ধে আলোচনায় আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ৭:১৪পরিবর্তন করতে ক্লিক করুন
ইরান যুদ্ধে আলোচনায় আইআরজিসি

ছবি: ভিডিও থেকে নেওয়া

শেয়ার করুন:

আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়; এটি ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে বিমান হামলা চালানোর পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন রোববার সকালে ঘোষণা করে। এই সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি (ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস)-কে দুটি বিকল্পের একটি বেছে নেওয়ার আলটিমেটাম দেন: হয় অস্ত্র সমর্পণ করে দায়মুক্তি, নয়তো ‘নিশ্চিত মৃত্যু’।

 

ট্রাম্পের ভাষ্যে, আইআরজিসি, সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যদের অস্ত্র নামিয়ে রাখলে পূর্ণাঙ্গ দায়মুক্তি দেওয়া হবে। অন্যথায় তাদের ‘নিশ্চিত মৃত্যুর’ মুখোমুখি হতে হবে। তবে এই হুমকি তাৎক্ষণিকভাবে কোনো ফল দেয়নি। বরং ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির সদস্যদের মধ্যে ভাঙন ধরানো বা আত্মসমর্পণে উৎসাহিত করার ট্রাম্পের কৌশল সফল হয়নি।

 

কেন ট্রাম্পের বার্তা আইআরজিসিতে প্রভাব ফেলল না? এর উত্তর লুকিয়ে আছে এই বাহিনীর গঠন, মতাদর্শ এবং ইরানি রাষ্ট্রকাঠামোতে তার গভীর প্রোথিত অবস্থানে।

 

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির হাত ধরে গড়ে ওঠা আইআরজিসি ইরানের নিয়মিত সেনাবাহিনীর সমান্তরালে কাজ করলেও সরাসরি সর্বোচ্চ নেতার অধীন। এর মতাদর্শ ‘ভেলায়াত-ই ফকিহ’-এর মূল কথা হলো ইসলামি বিপ্লব রক্ষা ও ধর্মীয় নেতার প্রতি চূড়ান্ত আনুগত্য। খোমেনির পর ১৯৮৯ সালে এই বাহিনীর অনুগত্য স্থানান্তরিত হয় খামেনির প্রতি, এবং এখন তার মৃত্যুর পরও বাহিনীটির অস্তিত্বের ভিত্তি কিন্তু একই রয়েছে।

 

আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়; এটি ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। পদাতিক, নৌ ও বিমানবাহিনী নিয়ে গঠিত এই বাহিনীর অধীনে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বাসিজ মিলিশিয়া এবং বিদেশে অভিযানের জন্য কুদস ফোর্স।

 

প্রায় ১ লাখ ৯০ হাজার সক্রিয় সদস্য ও রিজার্ভ মিলিয়ে মোট প্রায় ৬ লাখ সদস্যের এই বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রক।

 

আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়া ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর মাধ্যমে তারা ইরানের প্রভাব বিস্তার করে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করলেও ইরানের অভ্যন্তরে এর শক্তি কমেনি, বরং জবাবে তেহরান ইইউ বাহিনীকে একই তকমা দিয়েছে।

 

অর্থনৈতিক ক্ষেত্রেও আইআরজিসির ব্যাপক অংশগ্রহণ। ইরাক-ইরান যুদ্ধের সময় প্রকৌশল ও সরবরাহের দায়িত্ব নিয়ে শুরু হওয়া এই ভূমিকা এখন তেল-গ্যাস, পরিবহন, টেলিযোগাযোগ ও খনিজ খাতে বিস্তৃত। ইরানি নেতৃত্ব একে ‘প্রতিরোধ অর্থনীতি’ হিসেবে বর্ণনা করে, যা নিষেধাজ্ঞা মোকাবিলার একটি কৌশল।

 

এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর সরকার জনগণের অসন্তোষ কমাতে কিছু উদার পদক্ষেপ নিয়েছিল, কিন্তু জানুয়ারিতে আবার বড় বিক্ষোভ দেখা গেছে। অর্থনৈতিক মন্দা ও প্রশাসনিক ব্যর্থতার ফলে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ থাকলেও, সংকটকালে আইআরজিসির ভূমিকা আরও সুসংহত হয়।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৫ সালের যুদ্ধের পর খামেনি তার সম্ভাব্য উত্তরসূরিদের নাম ঠিক করে রেখেছিলেন এবং সামরিক নেতৃত্বের বিভিন্ন স্তরে বিকল্প প্রস্তুত রাখা হয়েছিল।

 

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, ইরানে ধর্মীয়, সামরিক ও গোয়েন্দা সংস্থার মধ্যে একাধিক শক্তিকেন্দ্র রয়েছে এবং তারা ট্রাম্পের নির্দেশে সাড়া দেবে না। বরং তারা পুরো অঞ্চলে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাবস্থা’ সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে, যা শুধু যুক্তরাষ্ট্র নয়, উপসাগরীয় দেশগুলোকেও ভোগাবে।

 

আটলান্টিক কাউন্সিলের জোনাথন প্যানিকঅফের মতে, খামেনির মৃত্যুর পর ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কম, বরং যা ঘটতে পারে তা হলো আইআরজিসির হাতে ক্ষমতার আরও কেন্দ্রীভূত হওয়া। নতুন সর্বোচ্চ নেতা এলেও বাস্তবে রাষ্ট্রের ওপর জোরালো সামরিক নিয়ন্ত্রণ কায়েম থাকতে পারে।

 

সুতরাং ট্রাম্পের আলটিমেটামের পরও আইআরজিসি বা ইরানের অন্যান্য শক্তিকেন্দ্রগুলোর পিছু হটার সম্ভাবনা ক্ষীণ। বরং তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও বাড়ানোর পথে হাঁটছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: