যুদ্ধের ভেতরে ইরানে যেমন হচ্ছে ‘নওরোজ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ৯:০৩পরিবর্তন করতে ক্লিক করুন
যুদ্ধের ভেতরে ইরানে যেমন হচ্ছে ‘নওরোজ’

ছবি: শাহরজাদ এফ. শামস-এর ফেসবুক পোস্ট

শেয়ার করুন:

‘ইরানিদের জানাই সালাম, যারা আবারও বিশ্বকে দেখিয়ে দিল প্রতিরোধ আর সহনশীলতা ঠিক কেমন হয়, আগুনের উত্তর তারা আগুন দিয়েই দিয়েছে, সেই আগুনকেই রূপান্তর করেছে নৃত্যে।’

ইরানে ফার্সি নববর্ষ ‘নওরোজ’ পালনকে কেন্দ্র করে দেশটির ঐতিহ্যবাহী অগ্নি উৎসব ‘চাহারশানবে সুরি’র ওপর তেহরান কর্তৃপক্ষ ব্যাপক সতর্কতা জারি করেছে। যুদ্ধের এই সময়ে শতবর্ষী এই উদযাপনকে ঘিরে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

 

তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেহরানের বিভিন্ন অঞ্চলে অগ্নি উৎসবে মেতে ওঠেন তরুণ-তরুণীরা।

 

ইরানি কবি ও অ্যক্টিভিস্ট শাহরজাদ এফ. শামস ফেসবুকে একাধিক ভিডিও পোস্টে বলেন, ‘গত রাতেও খুনিরা হুমকি দিয়েছিল: “বাইরে পা রাখলেই বুক ঝাঁঝরা করে দেওয়া হবে।” এত কিছুর পরও ইরানিরা বাইরে বেরিয়ে এসেছে। তারা আগুন জ্বালিয়েছে তাদের অন্যতম প্রাচীন ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে। তারা সেই আগুনকে ঘিরে বৃত্ত তৈরি করেছে, নেচেছে এবং তাদের হারানো প্রিয়জনদের জন্য শোক প্রকাশ করেছে।’

 

তিনি বলেন, ‘ইরানিদের জানাই সালাম, যারা আবারও বিশ্বকে দেখিয়ে দিল প্রতিরোধ আর সহনশীলতা ঠিক কেমন হয়, আগুনের উত্তর তারা আগুন দিয়েই দিয়েছে, সেই আগুনকেই রূপান্তর করেছে নৃত্যে।’

 

‘ফার্সি নববর্ষের শেষ বুধবার, “চাহারশানবে সুরি”র শুভেচ্ছা! আগুন আমাদের সব দুঃখ আর ভয়কে পুড়িয়ে ছাই করে দিক এবং আমাদের জীবন ও শক্তিতে ধন্য করুক,’ যোগ করেন তিনি।

 

এদিকে ইরান ইন্টারন্যাশনাল জানায়, দীর্ঘদিন ধরেই ওই উৎসবটি জনগণের সঙ্গে রাষ্ট্রের বিরোধের একটি অন্যতম কারণ। তবে এ বছর মার্কিন-ইসরায়েল হামলা এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির গণ-অংশগ্রহণের আহ্বানে কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন। বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলো সরাসরি নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়েছে।

 

একটি বার্তায় বলা হয়েছে, জনশৃঙ্খলা বিঘ্নিতকারী যেকোনো ‘অপ্রথাগত আচরণ’ বা শোরগোলের জন্য কারাদণ্ড ও বেত্রাঘাতের মতো শাস্তি দেওয়া হতে পারে।

 

মঙ্গলবার প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজেই বিরোধীদের হুঁশিয়ার করে বলেন, যারা ‘শত্রুর সহযোগী’ হিসেবে বিবেচিত হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে কোনো শিথিলতা দেখানো হবে না।

 

বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি-মোহাম্মদ নায়েনি আরও কঠোর ভাষায় এই দিনটিকে ‘শত্রু পোড়ানোর চাহারশানবে’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অঙ্গীকার করেন যে, বিভিন্ন অঞ্চলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা আরও তীব্র করা হবে এবং দেশের ভেতরে থাকা ‘রাজতন্ত্রী ও ভাড়াটেদের প্রতীকগুলো’ জ্বালিয়ে দেওয়া হবে।

 

প্রাক-ইসলামিক ঐতিহ্যের এই উৎসবে আগুন জ্বালানো ও আতশবাজি পোড়ানো হয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই ধর্মীয় নেতারা একে ধর্মীয় রীতির পরিপন্থী হিসেবে দেখে আসছেন। তা সত্ত্বেও পুলিশ ও আধাসামরিক বাহিনী বাসিজ-এর কড়াকড়ি উপেক্ষা করে ইরানিরা এই উৎসব পালন করে আসছেন। বিশেষ করে ২০২২-২৩ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর থেকে এই উৎসবটি একটি রাজনৈতিক রূপ নিয়েছে।

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: