ইরানের নিশানায় কেন আরব আমিরাত?

ছবি: ফেসবুক পেজ
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ানের মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি প্রকাশ্যে বলেছেন, আমিরাতের সঙ্গে ‘প্রতিবেশীসুলভ সম্পর্ক’ এখন আর কার্যকর নয় এবং দেশটিকে ‘শত্রু ঘাঁটি’ হিসেবেই দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই বিরোধকে আরও প্রকাশ্য ও সংঘাতমুখী করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে এখন আমিরাতকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান আমিরাতকে কেবল একটি আরব প্রতিবেশী হিসেবে নয়, বরং পশ্চিমা ও ইসরায়েলি প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবেও দেখতে শুরু করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বক্তব্যে সেই অবস্থান আরও স্পষ্ট হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ানের মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি প্রকাশ্যে বলেছেন, আমিরাতের সঙ্গে ‘প্রতিবেশীসুলভ সম্পর্ক’ এখন আর কার্যকর নয় এবং দেশটিকে ‘শত্রু ঘাঁটি’ হিসেবেই দেখা হচ্ছে। এই ভাষা কেবল কূটনৈতিক অসন্তোষ নয়; বরং একটি বৃহত্তর নিরাপত্তা দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রধান উদ্বেগের কেন্দ্রে রয়েছে আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতি। আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে মার্কিন সেনা, নজরদারি প্রযুক্তি এবং উন্নত রাডার ব্যবস্থা মোতায়েন রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মনে করে, এই ঘাঁটি ভবিষ্যৎ যেকোনো আঞ্চলিক সংঘাতে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। ফলে আমিরাতকে তারা সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে।
তবে কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্কও তেহরানের উদ্বেগ বাড়িয়েছে। ২০২০ সালে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দ্রুত বৃদ্ধি পায়। ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সমন্বয় এখন উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর অংশ হয়ে উঠছে। এমনকি চলমান উত্তেজনার মধ্যেও ইসরায়েল আমিরাতে ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের দৃষ্টিতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সরাসরি তাদের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত।
এর পাশাপাশি হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালির ওপর নিয়ন্ত্রণকে ইরান কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। ফুজাইরাহ বন্দরের অবস্থান নিয়েও ইরান সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে। আইআরজিসির দাবি, এই অঞ্চলে চলাচলকারী জাহাজ তাদের নজরদারি ও আইনি নিয়ন্ত্রণের আওতায় পড়ে। ফলে হরমুজ অঞ্চলে যেকোনো সামরিক বা বাণিজ্যিক উত্তেজনা দ্রুত বড় আকার নিতে পারে।
বিশ্লেষকরা মনে করেন, এদিকে আমিরাতও ইরানের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না। দেশটি ইতোমধ্যে ইরানিদের ভিসা বাতিল, বাণিজ্যিক কার্যক্রম সীমিতকরণ এবং বিভিন্ন আর্থিক নেটওয়ার্ক বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। এর ফলে ইরানের অর্থনীতিতে চাপ আরও বেড়েছে। কারণ, দীর্ঘদিন ধরে আমিরাত ছিল ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার। বিশেষ করে চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের বড় অংশ আমিরাত হয়ে ইরানে প্রবেশ করত।
ইরান বর্তমানে অর্থনৈতিক অবরোধ, খাদ্য সংকট এবং সামরিক চাপের মধ্যে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে তেহরান এখন পাকিস্তান, ইরাক ও তুরস্ক হয়ে বিকল্প স্থলপথ ব্যবহারের চেষ্টা করছে। অর্থাৎ, আমিরাতের সঙ্গে সম্পর্কের অবনতি কেবল রাজনৈতিক নয়; এটি ইরানের অর্থনৈতিক সক্ষমতার ওপরও সরাসরি প্রভাব ফেলছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাম্প্রতিক সময়ে ইরানে বিভিন্ন হামলার ঘটনায় আমিরাতের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যদিও আবুধাবি আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে, তবুও ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকদের বক্তব্যে বারবার আমিরাতের নাম এসেছে। কেশম দ্বীপে হামলা, ভূপাতিত ড্রোন কিংবা রহস্যময় যুদ্ধবিমানের উপস্থিতি নিয়ে যে তথ্য ছড়িয়েছে, তা দুই দেশের মধ্যে অবিশ্বাসকে আরও বাড়িয়েছে।
তবে এই সংঘাতের পেছনে আরও গভীর একটি ভূরাজনৈতিক বাস্তবতা রয়েছে। উপসাগরীয় অঞ্চলে এখন দুটি ভিন্ন নিরাপত্তা কাঠামো তৈরি হচ্ছে। একদিকে রয়েছে ইরান ও তার মিত্রগোষ্ঠী, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ আরব অংশীদাররা। আমিরাত ক্রমশ দ্বিতীয় বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ফলে যেকোনো আঞ্চলিক সংঘাতে দেশটি স্বাভাবিকভাবেই ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হওয়ার ঝুঁকি রয়েছে। কারণ, ইরান এখন সরাসরি ইসরায়েলের পরিবর্তে তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ বাড়ানোর কৌশল নিতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা অনিশ্চয়তা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক ভারসাম্যও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
অর্থাৎ, ইরান-আমিরাত উত্তেজনা এখন আর কেবল দ্বিপক্ষীয় বিরোধ নয়। এটি মধ্যপ্রাচ্যের নতুন শক্তি-সমীকরণ, আঞ্চলিক জোট রাজনীতি এবং বৈশ্বিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে ভবিষ্যতে এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



