তেহরানের পাশে নেই কেন মস্কো বেইজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ২৩:০০পরিবর্তন করতে ক্লিক করুন
তেহরানের পাশে নেই কেন মস্কো বেইজিং

স্কেচ: এআই

শেয়ার করুন:

রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে, যা দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

 

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির সেই ভয়াবহ আগ্রাসনের পর তেহরানও তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এখন উগ্র ইসরাইলি ভূখণ্ড এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। উদ্ভূত এই পরিস্থিতিতে ইরান কার্যত একাই বিশ্বের ১০টির বেশি শক্তিধর দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তবে আশ্চর্যের বিষয় হলো, এই চরম সংকটেও ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত চীন ও রাশিয়াকে প্রকাশ্যে কোনো বড় ধরনের সামরিক সহায়তা করতে দেখা যাচ্ছে না। ফলে আন্তর্জাতিক মহলে এখন একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে যে, বেইজিং ও মস্কো তাদের কৌশলগত মিত্র তেহরানকে রক্ষায় আদৌ কার্যকর কিছু করছে কি না?

 

বর্তমান সংঘাতে মার্কিন মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সরাসরি ওয়াশিংটনের সমর্থনে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তারা ইসরাইলকে রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিপরীতে, এখন পর্যন্ত চীন বা রাশিয়া ইরানকে কোনো আধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করেছে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এমনকি ইরানের ওপর যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্র বৃষ্টির মতো বোমা বর্ষণ করছে, তখন সেগুলো প্রতিহত করার জন্য মস্কো বা বেইজিংয়ের পক্ষ থেকে কোনো দৃশ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। যদিও তেহরানের এই দুই প্রধান কূটনৈতিক অংশীদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য যে, এই হামলায় ইতিমধ্যে এক সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রচেষ্টাকে মানবিক নৈতিকতার সমস্ত নিয়মের একটি নিষ্ঠুর লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরাইলি প্রতিপক্ষ গিডিওন সারকে সাফ জানিয়েছেন যে, সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি সব পক্ষকে উত্তেজনা পরিহার করার আহ্বান জানিয়েছেন।

 

রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে, যা দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মস্কো ও বেইজিং ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং যৌথ নৌ মহড়ার মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করেছে। তারা মূলত যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ মোর্চা গড়ে তোলার চেষ্টা করছে। তবে তাদের কড়া রাজনৈতিক বক্তব্য সত্ত্বেও ইরানকে সরাসরি সামরিক সহায়তা করার কোনো সদিচ্ছা এখন পর্যন্ত দেখা যায়নি।

 

২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বাণিজ্য, সামরিক সহযোগিতা, বিজ্ঞান ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সমন্বয় আরও গভীর হয়। এমনকি হামলার ঠিক আগের সপ্তাহেও দেশ দুটি ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল।

 

কিন্তু বিশ্লেষকরা বলছেন, ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক কোনো বাধ্যবাধকতা নেই। রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কর্টুনভ জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তা অনেক বেশি বাধ্যতামূলক। উত্তর কোরিয়া কোনো যুদ্ধে জড়ালে রাশিয়া সরাসরি অংশ নিতে বাধ্য, কিন্তু ইরানের ক্ষেত্রে চুক্তিটি মূলত অসহযোগিতামূলক। রাশিয়া সম্ভবত ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সরাসরি ইরানের হয়ে যুদ্ধে নামার ঝুঁকি নিতে চাইছে না।

 

চীনের সঙ্গে ইরানের সম্পর্কের ভিত্তি অনেকটা অর্থনৈতিক। ২০২১ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী চুক্তির মাধ্যমে ইরানকে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ যুক্ত করা হয়েছে। বেইজিংয়ের কাছে এই সম্পর্কটি অত্যন্ত স্থিতিশীল হলেও তারা দীর্ঘকাল ধরেই সামরিক হস্তক্ষেপের বিষয়ে একটি স্পষ্ট সীমাবদ্ধতা বজায় রেখে চলেছে। চীনের নীতি হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

 

গবেষক জোডি ওয়েন মনে করেন, চীন সরকার সরাসরি ইরানে অস্ত্র পাঠাবে না, বরং তারা কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। ভেসেল-ট্র্যাকিং সার্ভিস কেপলারের তথ্য অনুযায়ী, ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৮৭ শতাংশই যায় চীনে। ফলে ইরানের অর্থনীতি চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে চীনের বৈশ্বিক বাণিজ্যের তুলনায় ইরানের অবস্থান খুবই নগণ্য।

 

বিশেষজ্ঞরা মনে করেন, চীন এখন মূলত একজন ‘রক্ষাকর্তার’ ভূমিকা পালন করছে যাতে কোনো আঞ্চলিক পতন না ঘটে, যা চীনের নিজস্ব অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে হুমকিতে ফেলতে পারে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: