নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের প্রাচীন মসজিদে নামাজ বন্ধ, শান্ত থাকার ডাক জমিয়তের

গৌরীপুর জামে মসজিদ, ছবি: সংগৃহিত
১৯২৪ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কলকাতা বিমানবন্দরের চেয়েও প্রাচীন এই মসজিদটি। এর নির্মাণকাজ শুরু হয়েছিল তারও ৩৪ বছর আগে, ১৮৯০ সালে। সে সময় অবিভক্ত বাংলার প্রত্যন্ত গ্রামগুলোর সাধারণ মানুষের অনুদানে গড়ে উঠেছিল এটি, যার আদি নাম ছিল 'গৌরীপুর জামে মসজিদ'।
কলকাতা, ভারত: পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর-লাগোয়া ১৩৬ বছরের পুরোনো এক ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবারও সেখানে সাধারণ মানুষের উপস্থিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শনিবার থেকেই মসজিদে প্রবেশের প্রধান ফটকটি আচমকা আটকে দেওয়া হয়। ৮ নম্বর গেট সংলগ্ন ওই ফটকটিই ছিল মুসল্লিদের ভেতরে প্রবেশের একমাত্র পথ।
সংশ্লিষ্টদের মতে, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপির সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যের বড় কোনো মসজিদ এভাবে বন্ধ করে দেওয়া হলো। নানা সময়ে নিজ বক্তব্যের জেরে বিতর্কিত বিজেপি নেতা এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বিমানবন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর দাবি, সুরক্ষার দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত জরুরি।
হঠাৎ এভাবে পথ আটকে দেওয়ার ঘটনায় কোনো ধরনের আগাম নোটিশ বা সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মসজিদটি অন্যত্র স্থানান্তর করার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা চলছিল। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিকল্প হিসেবে প্রশস্ত জায়গা দেওয়া হবে। কিন্তু রাতারাতি দরজা বন্ধ করে দেওয়ার বিষয়টি আমরা জানতাম না।”
সাম্প্রতিক এক বিবৃতিতে অবশ্য নিজেদের পদক্ষেপের পেছনে নিরাপত্তা-সংক্রান্ত যুক্তি দর্শিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অসামরিক বিমান সুরক্ষা বিধি অনুযায়ী রানওয়ে বা বিমানের ওঠানামার জায়গা থেকে যেকোনো কাঠামো বা পরিকাঠামোর দূরত্ব ন্যূনতম ২৪০ মিটার হওয়া বাধ্যতামূলক। কিন্তু 'বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ' নামে পরিচিত এই কাঠামোটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত। সে কারণে নিরাপত্তার স্বার্থেই এটি স্থানান্তরিত হওয়া প্রয়োজন। পাশাপাশি, বিমানবন্দরের সংশ্লিষ্ট ওই এলাকাটি 'সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স' বা সিআইএসএফ-এর মতো কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে থাকে। সুরক্ষার নিরিখে বেসামরিক জমায়েত নিয়ে সংস্থাটিও আগে আপত্তি তুলেছিল।
ঘটনার শিকড় খুঁজতে গেলে দেখা যায়, ১৯২৪ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কলকাতা বিমানবন্দরের চেয়েও প্রাচীন এই মসজিদটি। এর নির্মাণকাজ শুরু হয়েছিল তারও ৩৪ বছর আগে, ১৮৯০ সালে। সে সময় অবিভক্ত বাংলার প্রত্যন্ত গ্রামগুলোর সাধারণ মানুষের অনুদানে গড়ে উঠেছিল এটি, যার আদি নাম ছিল 'গৌরীপুর জামে মসজিদ'। আঞ্চলিক ইতিহাসের নথি অনুযায়ী, তখন বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা বা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মতো দূরের অঞ্চল থেকেও ধর্মপ্রাণ মানুষ এখানে ইবাদতের টানে আসতেন। কালক্রমে এটি 'বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ' নামে পরিচিতি পায় এবং অদ্যাবধি উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখানেই নামাজ আদায় করতেন।
ঐতিহাসিক এই স্থাপনার প্রবেশাধিকার বন্ধ হওয়ায় যাতে রাজ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে ভারতের অন্যতম প্রধান মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সব স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষের প্রতি শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "বিষয়টি চরম দুর্ভাগ্যজনক হলেও এর প্রতিবাদে কেউ দয়া করে রাস্তায় নেমে বিক্ষোভ করবেন না। আমরা বিজেপির সঙ্গে কোনো বিবাদে জড়াতে চাই না। আমরা চাই বিমানবন্দর কর্তৃপক্ষ আলোচনার টেবিলে বসে সমস্যার সম্মানজনক সমাধান করুক এবং অবিলম্বে নামাজের বিকল্প ব্যবস্থা করে দিক। জোর খাটিয়ে মসজিদের দরজা বন্ধ করাটা মোটেই ঠিক কাজ হয়নি।"
সংকট নিরসনে দ্রুত দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলেও জানান সিদ্দিকুল্লাহ চৌধুরী।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



