সোনম ওয়াংচুক, নেহা বোরাদের অনশন: আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে সারা ভারতে

অতনু সিংহ
অতনু সিংহ
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ৩:০০পরিবর্তন করতে ক্লিক করুন
সোনম ওয়াংচুক, নেহা বোরাদের অনশন:  আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে সারা ভারতে

ছবি: উইকি

শেয়ার করুন:

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং শিক্ষা পরিকাঠামো সংস্কারের দাবি-সহ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের লক্ষ্যে অনশনরত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের পাশে শামিল হতে আজ ফের ভারতীয় যুক্তরাষ্ট্রের ছাত্র-যুবরা যেন বলে উঠছেন, ‘দিল্লি চলো’।

কলকাতা, ভারত: আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে এসে নেতাজী সুভাষ ডাক দিয়েছিলেন ‘দিল্লি চলো’। সশস্ত্র গেরিলা বাহিনী দিয়ে দিল্লি ঘেরাও করে ব্রিটিশ উপনিবেশের পতনের সকল আয়োজন করে ফেলেছিলেন সুভাষ। কিন্তু সিঙ্গাপুরে বিমান দুর্ঘটনা ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করেছিল।

কিন্তু নেতাজীর ‘দিল্লি চলো’ ডাক ইতিহাসের সোনালি মাইলফলক হয়ে থেকে গিয়েছে। আর সেই ‘দিল্লি চলো’ স্লোগানই আজকের মোদিফায়েড ভারতে আবার তাৎপর্যপূর্ণ হচ্ছে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং শিক্ষা পরিকাঠামো সংস্কারের দাবি-সহ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের লক্ষ্যে অনশনরত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের পাশে শামিল হতে আজ ফের ভারতীয় যুক্তরাষ্ট্রের ছাত্র-যুবরা যেন বলে উঠছেন, ‘দিল্লি চলো’। আগামী ২০ তারিখ দিল্লির যন্তরমন্তর থেকে ভারতের সংসদ ভবন অবধি মার্চের ডাক দেওয়া হয়েছে৷ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের ইস্তফার দাবিতে সেই মহামিছিলে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই আড়াই লক্ষ্যেরও বেশি ছাত্রযুব নাম নথিভুক্ত করেছেন৷

নয়া ঔপনিবেশিক ও ফ্যাসিবাদী আরএসএস-বিজেপি জমানার পতনের লক্ষ্যে আজ ভারতের মুক্তিকামী ছাত্র-জনতা সোনম ওয়াংচুক ও তাঁর কমরেডদের আইকন হিসাবে মেনে নিয়ে দিল্লির দিকে পদচারণা করছেন। যাঁরা সশরীরে হাজির হতে পারছেন না, তাঁরা সংহতিজ্ঞাপনে দিকে দিকে প্রতীকী অনশন শুরু করেছেন। এদিকে যেমন বীর সুভাষের ‘দিল্লি চলো’ ডাকের আজ আরেকবার সফল প্রয়োগ হচ্ছে ভারতে, তেমনই সোনম ওয়াংচুক, নেহা বোরা-সহ অনশনরত সংগ্রামী শিক্ষক-ছাত্র-যুবর অনশন সত্যাগ্রহে ইতিহাসে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী।

ইতিমধ্যে ২০ দিন অতিক্রান্ত হয়েছে সোনম ওয়াংচুকদের অনশন। যন্তরমন্তরে অনশনকারীদের শরীর ভেঙে পড়ছে। এর মধ্যে ছাত্র সংগঠন আইসার তিন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাঁরা লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। কিন্তু এখনও মৃত্যুঞ্জয়ী হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অহিংস সংগ্রাম অনশনে অনড় সোনম, নেহা প্রমুখ।

চিকিৎসকরা জানাচ্ছেন, অনশনকারীরা এভাবে অনশন চালালে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়বেন। কিন্তু তাতেও কর্ণপাত নেই মোদি-শাহ সরকারের।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবও কর্ণপাত করছেন না। উলটে সর্বভারতীয় পরীক্ষা নীটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে এক প্রকার তিনি দায় নিতেও অস্বীকার করছেন। আর তাই অনশন চলছে। অনশনকারীরা বলছেন, যতক্ষণ না শিক্ষামন্ত্রী ইস্তফা দেবেন ততক্ষণ অনশন চলবে। মৃত্যুর আশঙ্কাকেও পরোয়া করছেন না তাঁরা।

চলমান এই আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি, পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাত, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএমএল-লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের পর সোনম ওয়াংচুকদের সঙ্গে দেখা করেছেন সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব, আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে সোনম ওয়াংচুক-সহ ককরোচ জনতা পার্টির ছাত্র নেতৃত্ব ও বামপন্থী ছাত্রদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। শুধু তাই নয়, বলিউডও এবার সোনম ওয়াংচুক-সহ অনশনকারীদের পাশে দাঁড়াতে শুরু করেছে। অভিনেত্রী স্বরা ভাস্কর সোনাক্ষী সিনহা, চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ প্রমুখ যন্তরমন্তরে অনশন মঞ্চে হাজির হয়েছেন ইতিমধ্যেই। এমনকী তামিল সুপারস্টার রজনীকান্তকেও দেখা গিয়েছে অনশন মঞ্চে।

এদিকে দিল্লির যন্তরমন্তরে চলমান এই অনশন সত্যাগ্রহের প্রতি সংহতিতে পশ্চিমবঙ্গের কলকাতার বিভিন্ন জায়গায় ছাত্রযুবরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিনব্যাপী অনশন চালিয়েছেন। আগামী রবিবার কলকাতার গড়িয়াহাটে নাগরিক সমাজের পক্ষ থেকে অনশন ও সত্যাগ্রহ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কলকাতা স্থিত পশ্চিমবঙ্গ বিধানসভায় আম্বেদকর ভাস্কর্যের পাদদেশে সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে ও  আরএসএস-বিজেপি নেতৃত্বাধীন ভারতের ইউনিয়ন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা।

এর পাশাপাশি কংগ্রেস, সিপিএম ও নকশালপন্থী কমিউনিস্টরা কলকাতার নানা জায়গায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের ইস্তফার দাবিতে বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছেন। কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ছোট ছোট দল করে দিল্লিতেও পাড়ি দিচ্ছেন। তাঁদের চোখে স্বপ্ন, ফ্যাসিবাদমুক্ত নয়া ভারত বিনির্মাণের।

____

লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক,  কলকাতা, ভারত।

ইমেইল- [email protected]

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: