ওয়াশিনটনের আহ্বানে মিত্রদের পিছু হটার নেপথ্যে

ছবি: উইকি
মূলত, যুদ্ধের সরাসরি অংশীদার হয়ে নিজেদের অর্থনীতির ওপর আরও বড় ঝুঁকি নিতে চাইছে না এই মিত্ররা।
হরমুজ প্রণালি ইরানের দখলমুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকা বৈশ্বিক জোটে বড় ধরনের ধাক্কা লেগেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ট্রাম্প প্রশাসন যখন এই কৌশলগত জলপথ পুনরুদ্ধারে মরিয়া, তখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও অস্ট্রেলিয়া সরাসরি জানিয়ে দিয়েছে—তারা এই অভিযানে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। ট্রাম্পের এই আহ্বানে কেন মিত্ররা পিছু হটছে, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোকে তাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠানোর আহ্বান জানান। কিন্তু এই আহ্বানে প্রথম বাধাটি এসেছে আইনি ও কৌশলগত অবস্থান থেকে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, যিনি সাধারণত ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত, পার্লামেন্টে স্পষ্ট করেছেন যে মধ্যপ্রাচ্যে নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। জাপানের আমদানিকৃত তেলের ৯৫ শতাংশ এই অঞ্চল থেকে এলেও তাদের সংবিধান ও আইনি পরিকাঠামো বিদেশের মাটিতে সক্রিয় যুদ্ধে জড়ানোর অনুমতি দেয় না।
অন্যদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র অস্ট্রেলিয়াও সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো নৌযান পাঠাবে না। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি গুরুত্বপূর্ণ জলপথ হলেও বর্তমানে কোনো সামরিক হস্তক্ষেপে তারা আগ্রহী নয়।
বিশ্লেষকরা বলছেন, মূলত, যুদ্ধের সরাসরি অংশীদার হয়ে নিজেদের অর্থনীতির ওপর আরও বড় ঝুঁকি নিতে চাইছে না এই মিত্ররা।
ট্রাম্প নেটো সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ওয়াশিংটনকে সহায়তায় না এলে তাদের ‘খুব খারাপ ভবিষ্যতের’ মুখোমুখি হতে হবে। তা সত্ত্বেও জার্মানি ও ফ্রান্সের অবস্থান খুব একটা ইতিবাচক নয়।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল সরাসরি প্রশ্ন তুলেছেন, তারা কি এখনই এই যুদ্ধের সক্রিয় পক্ষ হতে চান কি না। ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনের কথা বললেও তা যুদ্ধের তীব্রতা কমার শর্তে ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ, মিত্ররা ট্রাম্পের হয়ে ইরানের সঙ্গে সরাসরি সম্মুখ সমরে জড়াতে নারাজ।
বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী এই জলপথ বন্ধ থাকায় এশীয় শেয়ার বাজারে ধস নেমেছে। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে হরমুজ এখনো তেহরানের শক্ত নিয়ন্ত্রণেই রয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ক্ষমতা থাকলে তিনি যেন নিজেই মার্কিন জাহাজ পাঠিয়ে দেখান।
বিশ্লেষকদের মতে, ভারত বা চীনের মতো দেশগুলো তেহরানের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের জাহাজ পার করে নিচ্ছে, যা ওয়াশিংটনের ‘একলা চলো’ নীতির ব্যর্থতাকেই স্পষ্ট করছে। মিত্রদের এই অনাগ্রহ প্রমাণ করে যে, ট্রাম্পের যুদ্ধংদেহী আহ্বানের চেয়ে নিজেদের জ্বালানি ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছে টোকিও ও ক্যানবেরার মতো দেশগুলো।
শেষ পর্যন্ত এই কূটনৈতিক ও সামরিক অচলাবস্থা ট্রাম্প প্রশাসনকে একঘরে করে দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



