হংকংয়ে ২০ বছরের জেল জিমি লাইয়ের: ‘কার্যত এক মৃত্যুদণ্ড’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮পরিবর্তন করতে ক্লিক করুন
হংকংয়ে ২০ বছরের জেল জিমি লাইয়ের: ‘কার্যত এক মৃত্যুদণ্ড’
শেয়ার করুন:

হংকংয়ের একটি আদালত দেশটির গণতন্ত্রপন্থী মিডিয়া মুঘল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। গত ডিসেম্বরে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর রোববার এই সাজা ঘোষণা করা হয়।

৭৭ বছর বয়সী এই ব্রিটিশ পাসপোর্টধারী সংবাদিক ও ব্যবসায়ী ২০২০ সাল থেকেই কারাগারে রয়েছেন।

 

বিবিসি জানায়, রায়ের সময় জিমি লাই আদালতে উপস্থিত ছিলেন। তার সাজা ঘোষণার আগে বিপুলসংখ্যক সমর্থক আদালতের বাইরে রাতভর অবস্থান নেন।

 

এর আগে তিনি ব্রিটিশ আমলের একটি ঔপনিবেশিক আইনের আওতায় রাষ্ট্রদ্রোহের অপরাধে সাজা পেয়েছিলেন। দীর্ঘমেয়াদি এই কারাদণ্ডে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরিবার।

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই সাজাকে ‘কার্যত একটি মৃত্যুদণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে।

 

সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক এলাইন পিয়ারসন বলেন, ‘লাইয়ের ওপর বছরের পর বছর চালানো এই নিপীড়ন চীনা সরকারের স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করার একটি চেষ্টা। এটি মূলত কমিউনিস্ট পার্টির সমালোচকদের কণ্ঠরোধ করার বহিঃপ্রকাশ।’

 

এদিকে জিমি লাইয়ের ছেলে সেবাস্টিয়ান লাই ব্রিটিশ সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

 

তিনি অভিযোগ করেন, তার বাবার মুক্তির জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি। সম্প্রতি কিয়ের স্টারমার বেইজিং সফর করলেও এই ইস্যুতে কোনো ইতিবাচক ফল না আসায় যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে।

 

যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপও এক বিবৃতিতে জানিয়েছে, দুর্বল কূটনীতির কারণে লাইয়ের মুক্তি নিশ্চিত করার একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছে।

 

হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত জিমি লাইকে বেইজিং দীর্ঘদিন ধরেই তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছিল। এই কঠোর সাজা হংকংয়ের বাকস্বাধীনতা ও রাজনৈতিক পরিবেশের ওপর নতুন করে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

 

পাশে থাকুন

নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।

নিরাপদ পেমেন্ট গেটওয়েবিকাশ • নগদ • রকেট • ডেবিট ও ক্রেডিট কার্ড • নেট ব্যাংকিং
শেয়ার করুন: