পুঁজিবাদের বিভৎস লোভই হিমালয় ও দক্ষিণ এশিয়া ধ্বংস করে দেবে


নেপালে সাম্প্রতিক হিমবাহ ধস কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পুঁজিবাদের অন্ধ লোভ ও বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ পরিণতি। কার্বন নিঃসরণের দায় না নিয়েও জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষ।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ১০০ মিটারেরও বেশি উঁচুতে হিমালয়ে জমে থাকা শতাব্দীপ্রাচীন এক হিমবাহ হঠাৎ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে প্রায় ২ হাজার ফুট প্রশস্ত বরফের বিশাল চাঁই নিচে আছড়ে পড়ল। সঙ্গে নেমে আসে লাখ লাখ টন পানি, কাদা আর পাথরের বিধ্বংসী স্রোত আছড়ে পড়ে প্রলয়ঙ্করী বিধ্বংসী রূপ নেয়।
গত বুধবার নেপালের বাগমতি প্রদেশের রসুয়া জেলার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় এই ধ্বংসযজ্ঞ শুরু হয়। মধ্য-হিমালয়ের লাংটাং লিরুং ও লাংটাং পর্বতমালা সংলগ্ন এই অঞ্চল থেকে ধেয়ে আসা ঢল লেন্ধে ও ভোট কোশী নদীতে পড়ে। এরপর তা আছড়ে পড়ে ত্রিশূলি অববাহিকার লোকালয়ে। ভেসে যায় ঘরবাড়ি, জমি ও মানুষের আজীবনের স্বপ্ন। বহু মানুষ প্রাণ হারান। অনেকে পঙ্গু হয়ে পড়েন।
কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগারির ভূতত্ত্ববিদ ড্যানিয়েল সুগার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে নেপালের এই বিপর্যয়কে বরফধসের কারণ হিসেবে নিশ্চিত করেছেন। তিনি জানান, উষ্ণতা বৃদ্ধি এবং হিমবাহের অস্থিতিশীলতা—যা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—হিমবাহটিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলেছিল। ফলে পাহাড়ের কোল থেকে বিশাল বরফখণ্ড আলাদা হয়ে নিচে নেমে আসে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনো দুর্যোগের তাৎক্ষণিক কারণ এবং সেই দুর্যোগকে আরও সম্ভাবনাময় করে তোলা জলবায়ু পরিস্থিতির মধ্যে পার্থক্য বোঝা। বিজ্ঞানীরা এই নির্দিষ্ট হিমবাহ ধসকে শুধুমাত্র বৈশ্বিক উষ্ণায়নের কারণে হয়েছে বলে চূড়ান্ত করেননি। তবে ক্রমবর্ধমান প্রমাণ বলছে, বাড়তে থাকা তাপমাত্রা হিমবাহ গলন ত্বরান্বিত করছে, পারমাফ্রস্ট দুর্বল করছে, হিমায়ন-গলন চক্র পরিবর্তন করছে এবং উচ্চ হিমালয়ে বরফ ও পাথরকে অস্থিতিশীল করছে। তাই জলবায়ু পরিবর্তন অগত্যা প্রতিটি তুষারধস বা হিমবাহ ধসের একক কারণ নয়; বরং এটি পার্বত্য পরিবেশকে ক্রমশ অস্থিতিশীল করে তুলছে এবং এই ধরনের শৃঙ্খলাবদ্ধ দুর্যোগের সম্ভাবনা ও তীব্রতা বাড়াচ্ছে।
প্রকৃতির ওপর চাপানো অসম যুদ্ধ
নেপালের সাধারণ মানুষ এই যুদ্ধ শুরু করেনি। যাদের ঘরবাড়ি আর পরিবার জলের তোড়ে ভেসে গেল, বৈশ্বিক উষ্ণায়নে তাদের কোনো হাত ছিল না। কিন্তু প্রকৃতির প্রতিশোধের প্রথম শিকার হতে হলো তাদেরই।
পুঁজিবাদী বিশ্বব্যবস্থা মুনাফার লোভে বায়ুমণ্ডলে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে, তার সরাসরি মাশুল দিচ্ছে হিমালয়ের পাদদেশের নিরীহ মানুষ। একদিকে পুঁজিবাদীরা মুনাফার পাহাড় গড়ে আরাম-আয়াসে জীবনযাপন করছে, অন্যদিকে যারা সেই মুনাফার কোনো ভোগ করেনি, সেই মুনাফার কোনো অংশও না, তারাই ধ্বংসের নিচে চাপা পড়ল। জলবায়ু সংকটের সবচেয়ে নির্মম বাস্তবতা হলো—যে মানুষটি প্রকৃতি ধ্বংসের জন্য সবচেয়ে কম দায়ী, তাকেই দিতে হয় সবচেয়ে চড়া মূল্য।
অথচ বিশ্বজুড়ে পাঠ্যপুস্তক ও করপোরেট সংস্কৃতিতে এই ধ্বংসযজ্ঞের রূপকারদেরই সফল নায়ক বানানো হয়। যে অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তা এখন মহাকাশে পালানোর স্বপ্ন দেখছে। আর পৃথিবীর বুকে ফেলে রাখা সাধারণ মানুষ তাদের মুনাফার শেষ কিস্তি পরিশোধ করছে নিজের জীবন, ঘরবাড়ি দিয়ে। যারা পৃথিবী ধ্বংস করছে সেই পুঁজিপতিরা দিনশেষে কীর্তিমান মহান মানুষ হিসেবে দেশে দেশে পূজিত হচ্ছে, তারা সময় ও মহাকালের নায়ক হিসেবে সমাজে পরিচিত হচ্ছে।
নাসার সতর্কবার্তা ও উষ্ণায়নের গতি
হিমালয়ের এই বিপর্যয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য-উপাত্ত বলছে, গত ৩০ বছরে নেপালের তাপমাত্রা ক্রমাগত বেড়েছে। সমতলের তুলনায় ৫ হাজার মিটারের বেশি উচ্চতায় তাপমাত্রা বাড়ার গতি প্রায় দ্বিগুণ। একে বলা হয় 'এলিভেশন-ডিপেন্ডেন্ট ওয়ার্মিং'। উচ্চ হিমালয়ে প্রতি দশকে তাপমাত্রা বাড়ছে ০.০৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ০.১২ ডিগ্রি সেলসিয়াস হারে। গত তিন দশকে নেপালের উচ্চ পার্বত্য এলাকায় গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চ ১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।
নাসার তথ্য-উপাত্তে আরও দেখা যায়, গ্রীষ্মের চরম উষ্ণ দিনের সংখ্যা গত ৩০ বছরে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। বরফ জমার হিমাঙ্ক বা শূন্য ডিগ্রি সীমা প্রায় ২০০ মিটার উপরে উঠে গেছে। ফলে যে উচ্চতায় আগে বরফ জমাট বাঁধত, সেখানে এখন বরফ গলছে দ্রুতগতিতে।
কার্বনের দায়- ১০০ কোম্পানির হিসাবে ৭০% নিঃসরণ
ক্লাইমেট অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউট এবং ইনফ্লুয়েন্সম্যাপ-এর গবেষণা থেকে জানা যায়, বিশ্বের মোট শিল্পভিত্তিক কার্বন ও মিথেন নিঃসরণের ৭০ শতাংশের বেশি অংশের জন্য দায়ী মাত্র ১০০টি জীবাশ্ম জ্বালানি কোম্পানি।
এর মধ্যে রয়েছে সৌদি আরবের আরামকো, রাশিয়ার গ্যাজপ্রম, ভারতের কোল ইন্ডিয়া, ইরানের এনআইওসি, চীনের সিএনপিসি এবং পশ্চিমা কোম্পানি এক্সনমবিল, শেল, বিপি, শেভরন ও টোটালএনার্জিস।
এ প্রতিবেদনে দেখা যায় বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষ বৈশ্বিক নিঃসরণের ৫০ শতাংশের জন্য দায়ী। অন্যদিকে দরিদ্রতম ৫০ শতাংশ মানুষ দায়ী মাত্র ১০ শতাংশ কার্বনের জন্য। প্যারিস চুক্তি হলেও এই বড় কোম্পানিগুলো এখনও কয়লা, তেল ও গ্যাসে বিপুল বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। ফলে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার লক্ষ্য ব্যর্থ হতে চলেছে।
পূর্বাভাস: শতাব্দীর শেষে বরফশূন্যতার ঝুঁকি
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট ও জাতিসংঘের জলবায়ু প্যানেল হিমালয়ের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে।
এই প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসে বলা হচ্ছে, উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকলেও ২১০০ সালের মধ্যে হিমালয়ের এক-তৃতীয়াংশ বরফ গলে যাবে। আর বর্তমান নিঃসরণধারা চলতে থাকলে হিমবাহগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ বরফ চিরতরে বিলুপ্ত হবে। ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বরফ গলার গতি আগের দশকের চেয়ে ৬৫ শতাংশ বেড়েছে।
বিজ্ঞানীরা বলছেন, ২০৪০ থেকে ২০৫০ সালের মধ্যে হিমালয়ের নদীগুলোতে পানির প্রবাহ 'পিক ওয়াটার'—যে সময় হিমবাহ গলিত পানির প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়—এতে পৌঁছাবে। এই সময়ে ভয়াবহ বন্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়বে। কিন্তু ২০৫০ সালের পর বরফ কমে আসায় নদীর প্রবাহ কমতে শুরু করবে। শতাব্দীর শেষভাগে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীগুলো শুষ্ক মৌসুমে শুকিয়ে যেতে পারে।
ইতোমধ্যে হিমালয়ের হিমবাহ গলে সেখানকার পর্বতে ২০০টিরও বেশি ঝুঁকিপূর্ণ হ্রদ তৈরি হয়েছে। আগামী দশকগুলোতে হ্রদ ভেঙে আকস্মিক বন্যা হওয়ার ঝুঁকি তিন গুণ বাড়বে।
হিমালয় বরফশূন্য হলে কী ঘটবে?
হিমালয়-হিন্দুকুশ অঞ্চলকে বলা হয় 'এশিয়ার পানির টাওয়ার' এবং পৃথিবীর 'তৃতীয় মেরু'। এই বরফ সম্পূর্ণ গলে গেলে পুরো এশিয়ায় মানবিক ও ভৌগোলিক মহাবিপর্যয় নেমে আসবে। হিমালয়ের বরফ গলার শুরুর বছরগুলোতে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেকং নদীতে পানির তোড় মারাত্মকভাবে বাড়বে। উপচে পড়া ঢলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের নিম্নাঞ্চল দীর্ঘমেয়াদী বন্যায় তলিয়ে যাবে।
হিমালয়ের বরফ শেষ হয়ে গেলে নদীগুলো কেবল বৃষ্টির পানির ওপর নির্ভর করবে। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে গেলে প্রায় ২০০ কোটি মানুষ সুপেয় পানির সংকটে পড়বে। সেচের পানির অভাবে উর্বর কৃষিভূমি ঊষর মরুভূমিতে পরিণত হবে। প্রধান খাদ্যশস্যের উৎপাদন ধসে পড়বে।
হিমালয়ের বরফ গলে সমুদ্রে পানির স্তর বাড়িয়ে দেবে, এতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মালদ্বীপের মতো দ্বীপদেশ স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যাবে। সমুদ্রের লোনা পানি ভেতরের নদীতে ঢুকে জমি ও ভূগর্ভস্থ পানি নষ্ট করবে। নদীর প্রবাহ হারিয়ে ভারত, নেপাল, ভুটান ও চীনের শত শত জলবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়বে। ফলে বিদ্যুৎ সংকট তীব্র হবে এসব অঞ্চলে।
এ অঞ্চলের শত কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। পানি ও জমির দখল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে ভূরাজনৈতিক সংঘাত ও যুদ্ধের সূত্রপাত ঘটবে।
নেপালের হিমবাহধস কোনো স্থানীয় দুর্ঘটনা নয়। এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। আর সেই ভারসাম্যহীনতার চড়া মূল্য দিতে হচ্ছে সেই সব মানুষদের, যারা কখনোই এই লোভের অংশীদার ছিল না। এখনই জীবাশ্ম জ্বালানির লাগাম না টানলে, হিমালয়ের গলিত স্রোতে কেবল পাহাড় নয়, তলিয়ে যাবে মানবসভ্যতার ভবিষ্যৎ।
-- --
লেখক: সম্পাদক, ঢাকা পেপারস।
ইমেইল: [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



