গ্যাস সংকট মোকাবেলায় ভারতের পন্থা

ছবি: পিক্সেল
ডিলারদের কাছ থেকে গ্যাসের নিশ্চয়তা না পেয়ে ব্যবসায়ীরা পরিবেশগত ঝুঁকি থাকা সত্ত্বেও ডিজেল বা কেরোসিন চালিত স্টোভ ব্যবহারের কথা ভাবছেন।
ইরান যুদ্ধের আঁচ পড়েছে প্রতিবেশি দেশ ভারতের সাধারণ জনতার রান্নাবান্নায়। হরমুজ় প্রণালী বন্ধ থাকায় তীব্র হচ্ছে গ্যাসসহ পেট্রোপণ্যের সঙ্কট-শঙ্কা। পরিস্থিতি মোকাবেলায়, তথা কালোবাজারি ঠেকাতে ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। অন্য দিকে, পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার।
বিবিসি ও আনন্দবাজার অনলাইন জানাচ্ছে, ভারতজুড়ে জ্বালানি সংকটের তীব্রতায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই সংকটের অভিঘাত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে ক্যাটারিং সংস্থাগুলো বিয়ের বুকিং বাতিল করতে বাধ্য হবে বলে আশঙ্কা করছে।
রেস্তোরাঁ ও ছোট খাবারের দোকানগুলোতে সিলিন্ডারের অভাব দেখা দেওয়ায় বিকল্প হিসেবে কয়লার ব্যবহার শুরু হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী ডেকার্স লেনের অনেক দোকান ইতিমধ্যেই কয়লার চুলায় রান্না শুরু করেছে। জ্বালানি সংকটে থমকে গেছে বিখ্যাত মিষ্টান্ন শিল্পও। বর্ধমানের মিহিদানা কিংবা চন্দননগরের শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠানের জলভরা সন্দেশ উৎপাদন এক-চতুর্থাংশে নামিয়ে আনা হয়েছে।
ডিলারদের কাছ থেকে গ্যাসের নিশ্চয়তা না পেয়ে ব্যবসায়ীরা পরিবেশগত ঝুঁকি থাকা সত্ত্বেও ডিজেল বা কেরোসিন চালিত স্টোভ ব্যবহারের কথা ভাবছেন।
জ্বালানি সংকটের এই প্রভাব রাজ্যের পর্যটন শিল্পেও নেতিবাচক ছায়া ফেলছে। ২০২৫ সালের সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। খাবার ও সংস্কৃতির আকর্ষণে আসা বিদেশি পর্যটকরা রেস্তোরাঁগুলোর মেনু কাটছাঁটে হতাশ হচ্ছেন।
সরকার দেশে জ্বালানি সংকট নেই বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। কলকাতা ও দিল্লির মতো বড় শহরগুলোতে গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বাণিজ্যিক গ্যাসের ঘাটতি মোকাবিলায় অনেক বড় রেস্তোরাঁ তাদের মেনু থেকে গ্যাসসাশ্রয়ী নয় এমন খাবার বাদ দিচ্ছে।
ঘরোয়া গ্যাসের ক্ষেত্রে সরাসরি বড় প্রভাব না পড়লেও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। এর ফলে ই-কমার্স সাইট ও স্থানীয় ইলেকট্রনিক্সের দোকানে ইন্ডাকশন কুকস্টোভ কেনার হিড়িক পড়েছে, যার অধিকাংশই এখন ‘আউট অব স্টক’।
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় ঘরোয়া গ্যাসের সরবরাহ শতভাগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, জনগণের মধ্যে ‘প্যানিক বাইং’ বা আতঙ্কজনিত ক্রয়ের কারণেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সংকট নিয়ন্ত্রণে ঘরোয়া গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারও হাসপাতাল, স্কুল ও আইসিডিএস সেন্টারগুলোকে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা সত্ত্বেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের রান্না করা খাবার সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক স্কুলে শিক্ষার্থীদের শুধু ডিম সেদ্ধ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে; এলপিজি চালিত অটোচালকরা ভাড়া বাড়ানোর দাবি তুলছেন। এমনকি ভারতীয় রেলের খাবার সরবরাহকারী সংস্থা আইআরসিটিসিও তাদের ক্যানটিনে রান্নার পদ্ধতি ও মেনু পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে সরকারি আশ্বাসের পরও সাধারণ মানুষের উদ্বেগ কাটছে না।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



