দিমাগি নকশাল: বুদ্ধিবৃত্তিক প্রতিস্পর্ধার মুখোমুখি গেরুয়া ফ্যাসিবাদ

‘আরবান নকশাল’ থেকে ‘দিমাগি নকশাল’—মোদি জমানায় বুদ্ধিজীবীদের বিরুদ্ধে নতুন তকমা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই নিয়ে অতনু সিংহের বিশ্লেষণ।
‘এতদিন দার্শনিকরা কেবলমাত্র দুনিয়াকে ব্যাখ্যা করেছেন, আসল কাজ হলো দুনিয়া বদল করা।‘
কার্ল মার্ক্স (থিসিস অন ফায়ারবাখ’, ১৮৪৫)
দার্শনিক ও কাব্যিকভাবে জগতের নিয়ম, ঈশ্বর, অধিবিদ্যা, দুনিয়ার আলো-আঁধারি, গণমুক্তির আকাঙ্ক্ষা ও তার নির্দেশনা ইত্যাদি প্রসঙ্গে সভ্যতা বিকাশের যাত্রাপথে বহু চর্চা, আলাপ ও সম্বন্ধ গড়ে উঠলেও এ বিষয়ে দুনিয়ার সকল চিন্তাশীলই একমত হবেন যে আধুনিক সময়ে দুনিয়া বদলের আকাঙ্খাকে লক্ষ্যে বদল করার তাত্ত্বিক নির্দেশনার কাজটি সম্পন্ন হয়েছিল মহামতী কার্ল মার্কসকে দিয়েই। এ কথা ঠিক, এশিয়া ও ইউরেশিয়া জুড়ে তুলনামূলক ধর্মের ইতিহাসে রিলিজিয়ন নির্ভর আধিপত্যের সমান্তরালে ইহজগতেই আধ্যাত্মিক মুক্তির বয়ানও নানাবিধ ধর্ম থেকে উঠে এসেছে।
কিন্তু ইউরোপে চিন্তা ও যুক্তি চর্চার কালপ্রবাহ প্লেটো-অ্যারিস্টটল, সক্রেটিস থেকে শুরু হয়ে শিল্প বিপ্লব পরবর্তী হেগেল অবধি সময়কালে— ঈশ্বর, মানুষ, ব্যক্তি, নীতি ও নৈতিকতা, আইন এবং সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ নিয়ে বহু আলাপ ও দর্শনের ইতিবাচক উদ্ভব ও প্রেরণা তৈরি হলেও শ্রেণি বিভক্ত সমাজের সংগ্রামকে চিহ্নিতকরণ ও শ্রেণিবৈষম্য মুক্ত সমাজের গাঠনিক তৎপরতা প্রথম প্রকাশ পেয়েছে মার্ক্স-এঙ্গেলস বন্ধুদ্বয়ের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো প্রকাশের উদ্যোগ বাস্তবায়নের দ্বারাই। যে ইশতেহারের দ্বারা চিন্তার গাঠনিক অবয়ব সামনে এসেছিল গোটা বিশ্বের তামাম মজলুম-শূদ্র তথা সর্বহারা শ্রেণির পক্ষে সমাজ গঠনের তাগিদে।
আর সেই ইশতেহারেই বুদ্ধি ও মননের গাঠনিক রাজনীতিতে সন্ত্রস্ত হয়ে ওঠা ইউরোপীয় নিপীড়কদের চেহারাকে বিদ্রুপ করেই উচ্চারিত হয়েছিল, ‘গোটা ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে।’ তারপর থেকেই বোধহয় শ্রেণির গাঠনিক রাজনীতিকে ভয় পায় নিপীড়ক বিত্তবানরা, ক্ষমতার মাফিয়ারা। কেননা সেই ভয় এবার প্রতিভাত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে।
কেননা, ভারতের জল-জমি-জঙ্গল রক্ষা ও সমাজ বদলের লক্ষ্যে সেই কবেকার ‘বোকাবুড়ো’দের (মার্ক্সীয় রাজনীতির বাতিঘররা) চিন্তার অবকাঠামোয় সক্রিয় থেকে যাঁরা এতদিন অরণ্য ও পাহাড়ের আলো-আঁধারিতে প্রান্তশ্রেণির প্রতিনিধি হয়ে বন্দুক নিয়ে লড়াই করেছেন আর সেই লড়াইয়ের সঙ্গে ক্রিটিক্যালি সম্পৃক্ততা গড়ে যাঁরা শহর-মফঃস্বলে জনতার সঙ্গে আলাপনরত হয়েছেন, সেই দুই বর্গ এতদিন যথাক্রমে জঙ্গলের নকশাল বা ‘মাওবাদি সন্ত্রাসী’ ও শহুরে নকশাল বা ‘আরবান নকশাল’ হিসাবে চিহ্নিত হয়েছে আদানি-আম্বানি-সহ দুনিয়ার লুম্পেন কর্পোরেট ক্যাপিটালের ভারতীয় রাজনৈতিক বর্গ আরএসএস-বিজেপি দ্বারা।
এমনকী এই ‘আরবান নকশাল’রাই আবার বিজেপির প্রোপাগান্ডায় পরিচিত হয়ে যায় ‘টুকরে টুকরে গ্যাং’ হিসাবে; অর্থাৎ বিজেপির প্রচার অনুযায়ী যারা নাকি ভারতকে ভেঙে টুকরো করতে চায় তারাই এই দলবল। যার পরিণতিতে জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আজাদি স্লোগান দেওয়া উমর খালিদ, শারজিল ইমাম, কানাহাইয়া কুমার-সহ ছাত্রদের বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করে ভারত রাষ্ট্র। যদিও আজাদির সেই স্লোগান ছিল, ক্ষুধা-দারিদ্র্য-অস্বাস্থ্য থেকে আজাদি বা মুক্তির লক্ষ্যে, কিন্তু বিজেপি তার অর্থ করেছিল যেন-বা ভারত থেকেই ‘আজাদি’ চাইছেন এইসব ছাত্ররা।
বিজেপির এই মিথ্যার স্বপক্ষে কোনো প্রমাণ না থাকলেও উমর ও শারজিল এখনও কয়েদখানায় বন্দি। আসলে কমিউনিস্ট বিপ্লবী ধারার ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা উমররা বুদ্ধিবৃত্তিকভাবে সক্রিয়, আর সেটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল আরএসএস-বিজেপি ও তাদের অনুগত ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। তো এই মাওবাদী, আরবান নকশাল কিংবা ‘টুকরে টুকরে গ্যাং’-এর পরে এবার গেরুয়া ফ্যাসিবাদ কৃত নয়া রাজনৈতিক বিশেষণ হাজির ভারতীয় যুক্তরাষ্ট্রে। সেটা হল ‘দিমাগি নকশাল।’ এবার উপমহাদেশের কথা মাথায় রেখেই এই বুদ্ধি, বুদ্ধিজীবিতা ও তার সঙ্গে রাজনীতি, সমাজ জীবনের আন্তঃসম্পর্ক নিয়ে বৈশ্বিক প্রেক্ষিত থেকে একটু আলাপ করা যাক। তাতে আলোচনা বিস্তার সহজ হবে।
দিমাগ বা বুদ্ধি ও রাজনীতি
"আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু।
বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ॥"
-- কঠোপনিষদ্
উপরের উপনিষদীয় উদ্ধৃতিটির অর্থ হল, আত্মার মর্ম রথের মালিক বা আরোহী। আর শরীর হলো সেই রথ, বুদ্ধি হল রথের সারথি এবং মনই হল রথের লাগাম। যমরাজ নচিকেতাকে আত্মার প্রকৃতি ও জীবনের লক্ষ্য সম্পর্কে যে উপদেশ দেন, এই উদ্ধৃতি তার অংশ। উপনিষদের মর্মবাণী হলো ঋত—বিশ্বব্যাপী সত্য ও নৈতিক শৃঙ্খলা। রাজা বা শাসকের কর্তব্য ছিল এই ঋতকে রক্ষা করা। 'বৃহদারণ্যক উপনিষদ'-এ রাজা ও পুরোহিতের সংলাপে দেখা যায়, প্রজ্ঞা হলো আত্মজ্ঞান, আর এই আত্মজ্ঞানই রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত। শাসক যদি আত্মাকে না জানেন, তবে তিনি অন্ধকারেই শাসন করেন। উপনিষদের দর্শন বলে, সত্য ও ন্যায়ের পথেই রাজনীতি চলবে, ব্যক্তিস্বার্থ নয়। এই চিন্তা পরবর্তীতে অরবিন্দ ঘোষ ও গান্ধীর মতো চিন্তকদের প্রভাবিত করেছিল।
এখন উপরের উদ্ধৃতিটির ব্যাখ্যা এইভাবে দেওয়া যেতে পারে যে দেহ বা ব্যবস্থা রথ হয় তাহলে সেই রথের চালক হচ্ছে বুদ্ধি, বুদ্ধির দ্বারাই মনকে (চিন্তা) নিয়ন্ত্রণে রেখে রথ চালিত হয়। আবার এটাও এই শ্লোক থেকে প্রতিভাত হয় যে মন বা আত্মা যা চিন্তাপ্রক্রিয়ার বুনিয়াদি গায়েবি স্তর কিন্তু চলন হেতু তার একটি আকার মূর্ত হয়, যার গতিমুখই নির্ধারণ করে রথের বা ব্যবস্থার গন্তব্য। রামদুলাল নন্দী বিরচিত শাক্তপদে বলা হচ্ছে, “আমি রথ ও তুমি রথি, যেমন চালাও তেমনি চলি/ সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি,/ তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে করি আমি/” অর্থাৎ বোধ ও বুদ্ধিই এবং তার পূর্ণাঙ্গ প্রকাশ প্রজ্ঞাই আসলে প্রজ্ঞাপারমিতা তারা বা তিনিই অধিশ্বরী, তিনি কর্ত্তা ও কর্মের দ্বৈতাদ্বৈত পরম সত্তা। আর তাই জীবনানন্দকে বলতে হয়েছে—
“মাথার ভিতরে
স্বপ্ন নয়—প্রেম নয়—কোনো এক বোধ কাজ করে।
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চ’লে আসি,
বলি আমি এই হৃদয়েরে:
সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা কয়!...”
-- ‘বোধ’, জীবনানন্দ দাস
আবার কোরআনে আল্লাহর মুখ হতে বলা হচ্ছে, “নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে।”(সূরা আল-ইমরান, আয়াত: ১৯০)। জ্ঞান ও বোধসম্পন্ন মানুষদের ‘উলুল আলবাব’ (জ্ঞানী/বুদ্ধিমান) বলে সম্বোধন করা হয়েছে কোরআনে। এব্ং সেই বোধ সম্পন্নতার শর্ত হিসাবে ঐতিহ্যের নাম করে কায়েম থাকা পরম্পরাগত ভুল পথ পরিত্যগ করে নিজের বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে।
কোরআনে আল্লাহ তাই প্রশ্ন করছে, “যখন তাদের বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তারা বলে, ‘না, আমরা আমাদের পিতৃপুরুষদের যেটার ওপর পেয়েছি, তারই অনুসরণ করব।’ যদি তাদের পিতৃপুরুষরা কিছুই না বুঝে থাকে এবং পথপ্রাপ্ত না হয়ে থাকে, তবুও কি তারা তা-ই করবে?" (সূরা আল-বাকারাহ, আয়াত: ১৭০)। কোরআন রাজনীতিকে ন্যায় ও পরামর্শ (সূরা)-এর ভিত্তিতে দেখে। কোরআনের ভাষায়, "নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ন্যায়বিচার করতে, সৎকর্ম করতে এবং আত্মীয়-স্বজনকে দান করতে" (সূরা আন-নাহল, ৯০ নম্বর আয়াতের একটি অংশ)। রাজনৈতিক ক্ষমতা আল্লাহর দেওয়া আমানত, এবং তা প্রজ্ঞার সঙ্গে প্রয়োগ করতে হবে।
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনী দেখায়, তিনি কখনো এককভাবে সিদ্ধান্ত নেননি; বরং সাহাবাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন (যেমন বদর ও উহুদ যুদ্ধের প্রস্তুতি)। কোরআনে বলা হয়েছে, "আর তাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়" (সূরা আশ-শুরা, ৩৮ নম্বর আয়াতের অংশ)। সুতরাং, কোরআনের দৃষ্টিতে প্রজ্ঞা হলো আল্লাহর নির্দেশিত পথে ন্যায় প্রতিষ্ঠা, আর রাজনীতি হলো সেই পথে জনগণের অংশগ্রহণ ও পরামর্শের মাধ্যম।
আবার এই জাগতিক বুদ্ধির চেয়ে প্রজ্ঞা শব্দটিতে বেশি জোর দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাকে তিনটি প্রকারে ভাগ করছে বৌদ্ধ ধর্ম। এক, শ্রুতিময়ী প্রজ্ঞা, দুই, চিন্তাময়ী প্রজ্ঞা ও তিন, ভাবনাময়ী প্রজ্ঞা। অন্যের উপদেশ বা গ্রন্থ পড়ে অর্জিত জ্ঞানই হচ্ছে শ্রুতিময়ী প্রজ্ঞা। আর সেই অর্জিত জ্ঞানকে আত্মযুক্তি, স্ব-বুদ্ধি ও নিজচিন্তা দিয়ে বিবেচনা করে সত্য উপলব্ধ করাটাই হল চিন্তাময়ী প্রজ্ঞা। আর এই চিন্তাময়ী প্রজ্ঞার থেকে ধ্যানগম্ভীর চেতনার গভীরের পৌঁছে গেলে মেলে ভাবনাময়ী প্রজ্ঞা। উল্লেখিত প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি, বুদ্ধি, বোধ ও প্রজ্ঞার সঙ্গে সমাজের সম্পর্ক নির্ণীত রয়েছে প্রতিটিই এক সূত্রে বাঁধা।
মহামতী প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য রিপাবলিক’-এ দেখাচ্ছেন, বুদ্ধি ও জ্ঞানের বিভাজন ঘটাচ্ছেন। প্লেটোর মতে জ্ঞান (এপিস্টেমি) হল যা চিরন্তন, অপরিবর্তনীয় এবং যা সব সময় সত্য (যেমন: গণিত বা পরম সুন্দরের ধারণা)। এটি বুদ্ধির সর্বোচ্চ স্তর। অন্যদিকে বিশ্বাস বা ধারণা (ডক্সা) এই দৃশ্যমান ও পরিবর্তনশীল জগতের ওপর নির্ভরশীল, যা আজ সত্য মনে হলেও কাল ভুল প্রমাণিত হতে পারে। প্লেটোই সর্বপ্রথম শাসন ক্ষমতার সঙ্গে বুদ্ধিজীবীতাকে সংযুক্ত করতে চেয়েছেন। তাঁর বিখ্যাত উক্তি—
“যতক্ষণ না দার্শনিকরা রাজা হচ্ছেন, অথবা এই পৃথিবীর রাজা ও রাজপুত্ররা দর্শনের চেতনা ও শক্তিতে উদ্বুদ্ধ হচ্ছেন... ততক্ষণ পর্যন্ত নগর-রাষ্ট্রগুলো তাদের পাপাচার ও অমঙ্গল থেকে মুক্তি পাবে না।"
—(‘দ্য রিপাব্লিক’, পঞ্চম খন্ড)
অ্যারিস্টটল প্লেটোর শিষ্য হলেও তিনি তাঁর গুরুর থেকে ভিন্ন পথে হাঁটেন। প্লেটো যেমন ‘আদর্শ রাষ্ট্রের’ কল্পনা করেছিলেন, অ্যারিস্টটল বাস্তব রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করেছেন। তিনি রাজনীতিকে ব্যবহারিক প্রজ্ঞা (‘ফ্রনেসিস্’) বা নৈতিক কর্মদক্ষতা হিসেবে দেখেছেন ।
'পলিটিক্স'-এ তিনি বলেন, ‘মানুষ প্রকৃতিগতভাবে একটি রাজনৈতিক জীব (‘জুন পলিটিকন’)—যে কেবল সমাজেই নিজের পূর্ণতা পায় ।“
অ্যারিস্টটলের কাছে প্রজ্ঞা হলো সঠিক উপায়ে সঠিক কাজ করা। তিনি সংবিধান, আইন, নাগরিকত্ব—সবকিছুই অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করেছেন । তিনি দেখিয়েছেন, রাজনীতির লক্ষ্য শুধু শাসন নয়, বরং নাগরিকদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো। উত্তম জীবনযাপনই রাজনীতির চূড়ান্ত লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনে প্রজ্ঞাই প্রধান হাতিয়ার।
দার্শনিকদের রাজ অধিষ্ঠানে অধিষ্ঠিত করে রাষ্ট্রের দুর্ভোগ নিরসন করতে চেয়েছিলেন প্লেটো। রাজনীতি ও বুদ্ধিজীবীর সম্পর্ক তৈরি মজবুত করছেন প্লেটো। যদিও একথাও উল্লেখযোগ্য যে শাস্ত্র ও জ্ঞানের ওপর একটি গোত্রের অধিকার নির্দিষ্ট করে দেওয়ার মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মণ্যবাদ কায়েম হয়েছিল। শঙ্করাচার্যীয় অদ্বৈতবাদ হেতু জ্ঞান যেহেতু ‘ব্রহ্ম’ উৎসারিত আর জগত যখন মিথ্যা ও ব্রহ্মই একমাত্র সত্য, তাই নাকি ব্রহ্ম নির্ধারিত ব্রাহ্মণের কাছেই জ্ঞানের চাবিকাঠি। অতএব ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মণই পরম্পরাগতভাবে বুদ্ধিজীবী এবং উৎপাদন ব্যবস্থা ও শাসন ক্ষমতার কেন্দ্রে থাকা অংশ। কিন্তু এই পরম্পরাবাহিত ক্ষমতার জেরেই তৈরি হয়েছে ব্রাহ্মণ্যবাদ।
অতএব এটা পরিষ্কার, যে জ্ঞান জগতবিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন, সেই তথাকথিত জ্ঞানের ব্যবসায়ীরা তাদের বুদ্ধিজীবীতাকে গোত্রবাদে পর্যবসিত করে তাকে ক্রমে করে তোলে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার। ব্রাহ্মণ্যবাদের অগ্রসরতাও এভাবেই। কিন্তু এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তাত্ত্বিক ও সাংগঠনিক জেহাদের ইতিহাসও একজন বাঙালির সৃষ্টি। অদ্বৈতবাদের খণ্ডনে সাংখ্য দর্শনের পুরুষ-প্রকৃতির দ্বৈতাদ্বৈত লীলাকে অচিন্ত্যভেদাভেদ তত্ত্বে মিশিয়ে ‘এক ব্রহ্ম’ ধারণাকে খারিজ করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। রামানন্দকে তর্কে হারালেন।
গলার পৈতে আর হাতের বেদ গঙ্গার জলে ভাসিয়ে শূদ্র-মজলুম বান্ধব-সহযোগে নগর সংকীর্তনে বেরোলেন। বুদ্ধিজীবীতায় জ্ঞান ও শাসনকাঠামো কুক্ষিগত রাখার বদলে তরুণ শ্রীচৈতন্য, নিত্যানন্দ আর অদ্বৈতাচার্যরা হয়ে উঠেছিলেন গণবিপ্লবী। তাঁদের ভাবান্দোলনে প্রজ্ঞা ও রাজনীতির মেলবন্ধনও ঘটেছিল। রাজনীতির দুয়ারও রাজদরবারের দিকে নয়, বরং উন্মুক্ত হয়েছিল জনতার আঙিনায়। এক্ষেত্রে বুদ্ধি শরীর ও প্রকৃতি বিচ্ছিন্ন বিমূর্ত জ্ঞানভাণ্ড নয়, বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড কেবল গোত্রবাদী ব্রহ্মজ্ঞানীর নয় বরং গণমানুষের দেহভাণ্ডের মধ্যেই যে ব্রহ্মাণ্ড জ্ঞান রয়েছে তা স্পষ্টতই প্রকাশ হয়েছিল চৈতন্য ও তাঁর অচিন্ত্যভেদাভেদ তত্ত্বে, যার জেরে বঙ্গে বৈদান্তিক চিন্তা ও ব্রাহ্মণ্যবাদের দফারফা হয়ে যায় সুলতান আমলে।
ইওরোপীয় ভাববাদী দর্শন ও দ্বান্দ্বিকতার ধারণার জনক জার্মান দার্শনিক জর্জ উইলিয়ম ফ্রেডরিখ হেগেল সরাসরি আধুনিক অর্থে 'বুদ্ধিজীবী' শব্দটির ব্যবহার না করলেও, রাষ্ট্র, দর্শন এবং রাজনীতি প্রসঙ্গে তাঁর চিন্তাধারায় চিন্তাশীল বা জ্ঞানী শ্রেণির ভূমিকা অত্যন্ত স্পষ্ট। তিনি রাজনীতিকে ঐতিহাসিক প্রজ্ঞা বা বিশ্ব-আত্মার বিকাশ হিসেবে দেখেন। “রাষ্ট্র হলো ঈশ্বরেরসেই স্বর্গীয় বা ঐশ্বরিক ধারণা, যা পৃথিবীতে বিদ্যমান।”— তাঁর মতে, রাষ্ট্র কোনো চুক্তির ফল নয়, বরং নৈতিক জীবনের চূড়ান্ত প্রকাশ ।
'ফেনোমেনোলজি অফ স্পিরিট'-এ তিনি দেখিয়েছেন, প্রজ্ঞা ব্যক্তিগত নয়—ইতিহাসের গতিপথে প্রজ্ঞা নিজেকে উন্মোচিত করে। হেগেলের রাজনৈতিক দর্শনে ব্যক্তি তার সংকীর্ণ স্বার্থ ত্যাগ করে রাষ্ট্রের সার্বিক কল্যাণের সঙ্গে নিজেকে যুক্ত করে। চিন্তাশীল শ্রেণির দায়িত্ব হলো সমাজের মধ্যে সেই নৈতিক চেতনা ও যুক্তিবোধ জাগিয়ে তোলা। হেগেল তাঁর ‘এলিমেন্টস অব দ্য ফিলোজফি অব রাইটস’ গ্রন্থে সরকারি কর্মকর্তা ও বুদ্ধিবৃত্তিক মধ্যবিত্ত শ্রেণির রাজনৈতিক সচেতনতাকে উল্লেখ করেছেন— “মধ্যবিত্ত কিংবা সরকারি আমলারা যে শ্রেণির অন্তর্ভুক্ত, তাদের একটি রাজনৈতিক চেতনা রয়েছে এবং তারা অত্যন্ত সুনির্দিষ্ট ও স্পষ্টভাবে সমাজে একটি শিক্ষিত শ্রেণী হিসেবে পরিচিত।”
অন্যদিকে মার্ক্স হেগেলের ছাত্র ছিলেন, কিন্তু তিনি হেগেলের ভাববাদের চরম ক্রিটিক করেন। তাঁর মতে, প্রজ্ঞা কোনো বিমূর্ত ধারণা নয়; তা বস্তুগত জীবন-প্রক্রিয়ার প্রতিফলন। 'জার্মান আইডিওলজি'-তে তিনি লেখেন, "চেতনা মানুষের জীবন নির্ধারণ করে না, বরং জীবনই মানুষের চেতনাকে নির্ধারণ করে।" অর্থাৎ চেতনাই জীবন নির্ধারণ করে না, জীবনই চেতনা নির্ধারণ করে।" মার্ক্সের রাজনীতি হলো শ্রেণি-সংগ্রাম—যেখানে প্রজ্ঞা হলো শ্রেণি-চেতনা ।
পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণি যখন নিজের শোষণ বুঝতে পারে, তখনই তার রাজনৈতিক জাগরণ ঘটে। তিনি ভেবেছিলেন, এই প্রজ্ঞাই একদিন বিপ্লব ঘটাবে এবং শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠা করবে । মার্ক্সের কাছে রাজনীতির লক্ষ্য হলো মানুষের প্রকৃত স্বাধীনতা, যা কেবল বস্তুগত অবস্থার পরিবর্তনের মাধ্যমেই সম্ভব। আবার মার্ক্সীয় চিন্তা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সেই চিন্তায় নিজস্ব অবদান রাখার ক্ষেত্রে মহামতী লেনিন শ্রমিক-বুদ্ধিজীবী’ ( ওয়ার্কার ইন্টেলিজেন্সিয়া) ধারণাটি সামনে আনেন।
তাঁর মতে, সমাজতান্ত্রিক বিপ্লব সফল করতে বুর্জোয়া বুদ্ধিজীবীদের ওপর নির্ভর না করে শ্রমিক শ্রেণির নিজস্ব, সচেতন বুদ্ধিজীবী গড়ে তোলা অপরিহার্য। 'হোয়াট ইজ টু বি ডান?' গ্রন্থ ও বিভিন্ন চিঠিপত্রে তিনি বলেন যে শ্রমিক-কৃষকদের মধ্য থেকেই এমন বিপ্লবী বুদ্ধিজীবী উঠে আসবে যারা বুর্জোয়াদের উৎখাত করার লড়াইয়ে নেতৃত্ব দেবে।
উপমহাদেশের সংগ্রাম ও বুদ্ধিবৃত্তি
ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তিসংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা ভারতের গণনাট্য আন্দোলন থেকে ষাট-সত্তর দশকে নকশালবাড়ি আন্দোলন— সর্বত্রই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সঙ্গে সরাসরি মিলেমিশে গিয়েছিল সত্যাগ্রহ থেকে সশস্ত্র গেরিলা সংগ্রাম। দেওয়বন্দি মাদ্রাসা ও সুফিবাদী ইসলামিক চিন্তার দ্বারা স্বাধীনতার লড়াই থেকে হিন্দু সন্ত্রাসবাদী আন্দোলন কিংবা যতীন দাস থেকে ভগত সিং, যতীন দাসদের হিন্দুস্তান সোশ্যালিস্ট আর্মির স্ট্রাগেল অথবা নেতাজী সুভাষ বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর গেরিলা সংগ্রাম, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা, বীণা দাসদের আজাদির সশস্ত্র লড়াই— ব্রিটিশ বিরোধী মুক্তিসংগ্রামের সর্বত্রই ইন্টেলেকচুয়াল ও পোলিটিক্যাল বর্গ মিলেমিশে গিয়েছিল।
এমনকী ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে ৪৭ পরবর্তী পঞ্চাশ ও ষাটের দশকে গণনাট্য আন্দোলনে বুদ্ধিজীবী তথা সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। অন্যদিকে পূর্ব পাকিস্তানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন মূলত ছাত্র-বুদ্ধিজীবী রাজনৈতিক ঐক্যের ফসল। সেই ঐক্যের রাজনৈতিক অগ্রযাত্রা থেমে থাকেনি। অখণ্ড পাকিস্তান জমানায় তামাম পূর্ব বাংলার জাতীয় গণতান্ত্রিক মুক্তিসংগ্রামকে মুক্তিযুদ্ধে পর্যবসিত করার কাজটি সাধিতই হয়েছিল বুদ্ধিজীবী ও ছাত্রজনতার ঐক্যের ভিত্তিতে। যার জেরে একাত্তরে বিজয়ের আগেই পূর্ব বাংলায় সংগঠিত হয়েছিল বুদ্ধিজীবী গণহত্যাও। যা ‘অপারেশন সার্চলাইট’ নামে খ্যাত। কিন্তু ছাত্রজনতা, মেহনতি মানুষ ও বুদ্ধিজীবীদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠার সেই প্রবণতা একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে জারি থেকেছে। যার প্রকাশ স্বৈরাচারী এরশাদ বিরোধী গণআন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান অবধি সুদীর্ঘ কালপর্ব জুড়ে।
অর্গানিক ইন্টেলেকচুয়াল থেকে দিমাগি নকশাল
“আমি উদাসীনদের ঘৃণা করি। আমি বিশ্বাস করি, বেঁচে থাকার অর্থই হলো কোনো এক পক্ষ নেওয়া। যিনি সত্যিই বেঁচে আছেন, তিনি নাগরিক এবং কোনো এক পক্ষের সমর্থক (পার্টিজান) না হয়ে পারেন না। উদাসীনতা হলো ইতিহাসের এক মৃতভার।।”
-- আন্তনিও গ্রামসি
ইতালিতে মুসোলিনির ফ্যাসিবাদী ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে বিশিষ্ট মার্ক্সবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসির বুদ্ধিজীবী বিষয়ক তত্ত্ব ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি তথা বিপ্লবী সমাজবাদী রাজনৈতিক ধারায় বিশেষ অবদান রেখেছিল। কারাগারে রচিত তাঁর প্রিজন নোটবুক-এ বুদ্ধিজীবীদের দ্বৈত ভূমিকা প্রসঙ্গে গ্রামসি দেখিয়েছেন, বুদ্ধিজীবীরা কখনো নিরপেক্ষ পর্যবেক্ষক নন; তাঁরা হয় বিদ্যমান ক্ষমতাকাঠামোকে সুসংহত করেন, নয়তো নতুন এক সামাজিক বিনির্মাণে উদ্যোগী হন।
এই দ্বিধাবিভক্তি—ঐতিহ্যবাহী ও জৈবিক বুদ্ধিজীবী— গ্রামসির চিন্তার কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং রাজনীতির সঙ্গে বুদ্ধিজীবীদের সম্পর্ককে নতুনভাবে বোঝার সুযোগ দেয়। ঐতিহ্য অনুসারী বুদ্ধিজীবীরা বিদ্যমান সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকের বলবত রাখার পক্ষে সওয়াল করেন।
আর তার বিপরীতে অর্গানিক ইন্টেলেকচুয়াল বা জৈবিক বুদ্ধিজীবীরা কোনো নির্দিষ্ট শ্রেণি বা সামাজিক গোষ্ঠী থেকে উদ্ভূত হন এবং তাঁদের নিজস্ব শ্রেণির বিশ্বদৃষ্টি ও সংগ্রামকে সংগঠিত ও প্রকাশ করার দায়িত্ব পালন করেন। তাঁরা জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকেন, জনগণের অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষাকে তাত্ত্বিক রূপ দেন এবং একটি নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনির্মাণে সহায়তা করেন।
গ্রামসির মতে, যেকোনো শ্রেণির আধিপত্য প্রতিষ্ঠার জন্য জৈবিক বুদ্ধিজীবী অপরিহার্য। শ্রমিক শ্রেণির ক্ষেত্রে, জৈবিক বুদ্ধিজীবীরা হবে সেই ব্যক্তিরা যারা শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম, অর্থনৈতিক শোষণ ও সামাজিক অবিচারের অভিজ্ঞতাকে রাজনৈতিক চেতনায় রূপান্তরিত করেন। তাঁরা শ্রমিকদের মধ্যে ঐক্য ও সমতা সৃষ্টি করেন এবং একটি ‘সম্মিলিত ইচ্ছা’ (কালেক্টিভ উইল) গঠনে কাজ করেন।
গ্রামসি এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলকে ‘আধুনিক রাজপুত্র’ (মর্ডান প্রিন্স) হিসেবে আখ্যায়িত করেছেন—একটি সংগঠন যা জৈবিক বুদ্ধিজীবীদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে সংহত করে এবং নতুন রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করে।
গ্রামসি বলছেন, “অর্গানিক বা জৈব বুদ্ধিজীবী হলেন তাঁরা, যাঁরা একটি নতুন শ্রেণির উত্থানের সাথে সাথে আত্মপ্রকাশ করেন এবং সেই শ্রেণির ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন; অন্যদিকে প্রথাগত বা ঐতিহ্যবাহী বুদ্ধিজীবী হলেন তাঁরা, যাঁরা ঐতিহাসিকভাবে আগে থেকেই সমাজে বিদ্যমান থাকেন এবং নতুন নতুন শ্রেণি র উত্থান ও পতনের পরেও টিকে থাকেন।”- ‘প্রিজন নোটবুকস’, গ্রামসি
গ্রামসির এই জৈবিক বুদ্ধিজীবীরাই বুদ্ধিবৃত্তিক শ্রেণি বিপ্লবী হিসাবে গণ্য হয়েছে নানা দেশকালে। আর এই ধরণের বুদ্ধিজীবীদেরই মোদি সরকার এতদিন ‘আরবান নকশাল’ থেকে ‘টুকরে টুকরে গ্যাং’ হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু এবার বুদ্ধিজীবিতার এই বর্গের সঙ্গে মিশে গেল সেই অংশ যারা সামাজিক নিরাপত্তা বা জনকল্যাণমূলক রাষ্ট্রের নাগরিক অধিকারের প্রশ্ন সমুহকের সামনে রেখে সোশ্যাল লিবারাল ডেমোক্রেসির চেতনা বহন করছেন, সাংগঠনিক কোনো বৃত্তে নিয়োজিত না থেকেও চিন্তা ও নানা সক্রিয়াতার রাজনীতি করছেন।
এই দুই রাজনৈতিক বর্গ এবার একত্র মোদির দ্বারা চিহ্নিত হল ‘দিমাগি নকশাল’ হিসাবে। হিন্দি ভাষার ‘দিমাগ’ শব্দটির বাংলা অর্থ মস্তিষ্ক বা বুদ্ধি বা মেধা/মনন। অর্থাৎ যাঁরা শ্রেণি নিপীড়ন ও জাতিবাদী আস্ফালনের পক্ষে চলমান বুদ্ধিবৃত্তিক দালালির সমান্তরালে শূদ্র-মজলুম তথা সর্বহারার হক কায়েমের পক্ষে সওয়াল চালাচ্ছেন, যাঁরা গেরুয়া মসনদের তল্পিবাহক বেসাতি গণমাধ্যমের ফ্যাসিবাদী আখ্যানকে ফুৎকারে উড়িয়ে পাল্টা আখ্যান বা কাউন্টার ন্যারটিভ জনতার কাছে পেশ করে চলেছেন, যাঁরা ভারতের যুক্তরাষ্ট্রীয়তা, বহুজাতিকতা ও বহুত্ববাদ অক্ষুণ্ণ রাখতে বৌদ্ধিকস্তরে সংগ্রামে রত মূলত তাঁরাও ‘দিমাগি নকশাল’।
একটা কথা স্বীকার্য যে উপমহাদেশে, বিশেষত ভারতে বুদ্ধিবৃত্তিক শ্রেণি বিপ্লবীদের সংখ্যা নিম্নমুখি, এমনকী স্পষ্টত ভাবে তাদের চিহ্নিত করাও এখন কষ্টসাধ্য আর সময়স্বাপেক্ষ তো বটেই। কিন্তু বুদ্ধিবৃত্তিক শ্রেণিবিপ্লবীদের সামান্য অংশও যদি থেকে থাকে, তবে তাঁদের সঙ্গে লিবারাল সোশ্যাল ডেমোক্রেসির নন-পার্টিজান রাজনৈতিক ব্যক্তিবর্গের এই মেলবন্ধন সময়ের প্রয়োজনে সাংস্কৃতিক স্তরে ফ্যাসিবাদ বিরোধী গণঐক্য গঠনে সবচেয়ে সহায়ক হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্ক্সীয় তাত্ত্বিক জর্জ দিমিত্রভের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক ঐক্য গঠনের আহ্বানকে ভারতীয় যুক্তরাষ্ট্রের আজকের পরিস্থিতিকে মোকাবিলা করতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ‘দিমাগি নকশাল’ হিসাবে চিহ্নিত ভারতের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক প্রতিস্পর্ধী বর্গ।
দিমাগি নকশালদের প্রসারিত চালচিত্র
ভারতের স্বাধীনতার ৮০ বছরের মাথায় যখন ক্ষুধা, বৈষম্য, মলীন গণস্বাস্থ্য আর ভেঙে পড়া নাগরিক স্বাধিকার তথা ক্ষয়িষ্ণু গণতন্ত্রের চেহারা প্রকট, ভারতের যুক্তরাষ্ট্রীয়, বহুজাতিক, বহুভাষিক ও বহুত্ববাদী চেহারাকে মুসোলিনী-হিটলারের উত্তরসূরী তথা ট্রাম্প-নেতানিয়াহুর ভারতীয় স্বতীর্থরা দুরমুশ করে চলেছে, তখন স্বাভাবিকভাবেই বুদ্ধি ও মননে সংবেদনশীল ‘স্বাধীন’ রাজনীতি সচেতন নাগরিক সমাজ সম্পর্কে ‘দিমাগি নকশাল’ শব্দটি বেরিয়ে এসেছে নরেন্দ্র মোদির মুখ থেকে।
যদিও নাগরিক সমাজের বৈপ্লবিক বুদ্ধিজীবীতাই যে আরএসএস-বিজেপির চোখে একমাত্র ‘দিমাগি নকশাল’ বর্গ নয়। শ্রেণি রাজনীতির বয়ানের বাইরেও সমাজ-গণতন্ত্রীদের দ্বারা উত্থিত সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিওরিটির প্রসঙ্গও ‘দিমাগি নকশাল’ কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত হচ্ছে। বলা ভালো বিজেপির চোখে ভারতের সামগ্রিকভাবে ফ্যাসিবাদ বিরোধীদের বুদ্ধিবৃত্তিক সক্রিয়তা জারি রাখা অংশই এখন ‘দিমাগি নকশাল’।
আর তাই কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের সাবেক ইউনিয়ন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ‘অপারেশন গ্রিনহান্ট’-এর দ্বারা মাওবাদী দমনের নামে পশ্চিমবঙ্গের জঙ্গমহল থেকে শুরু করে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দণ্ডকারণ্যের জঙ্গলে নির্বিচারে নকশালপন্থী ও আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা পি চিদম্বরমও নিজেকে লিবারাল ডেমোক্রেসির ‘দিমাগি নকশাল’ হিসাবে পরিচয় দিচ্ছেন। ভারতীয় রাষ্ট্র দ্বারা ইতোমধ্যেই তেলাপোকা বা আরশোলা চিহ্নিত হওয়া ছাত্রযুব, যারা ককরোচ জনতা পার্টি তৈরি করে দিল্লি যন্তরমন্তরের আন্দোলন থেকে বিজেপি সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল, তাদের মতোই জেন-জির আরও একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ‘দিমাগি নকশাল পার্টি’ নামে একটি দলও খুলে ফেলেছে।
আবার ইন্সটাগ্রামের সেই প্রোফাইলকেও অবরুদ্ধ করতে সক্ষম হয় বিজেপি। কিন্তু সবকটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তারা ছড়িয়ে পড়েছে। তাদের ফলোয়ারের সংখ্যাও চমকে দেওয়ার গতিতে বাড়ছে। এমনকী গান্ধীবাদী হিসাবে সমাজ ও রাজনীতিতে পরিচিত যোগেন্দ্র যাদবের মতো রাজনৈতিক বিদ্দজ্জনেরাও এখন ‘দিমাগি নকশাল’। আর যে কংগ্রেস একসময় নকশালদের কচুকাটা করেছিল, সেই কংগ্রেসের উত্তরসূরী, যিনি কংগ্রেসি রাজনীতির সম্পূর্ণ ভোদ বদল করে সমাজ গণতন্ত্রী মধ্যবাম ধারায় স্থিত হয়েছেন, সেই রাহুল গান্ধীও এখন ‘দিমাগি নকশাল’ হিসাবে চিহ্নিত।
এর কারণ, রাহুল রাজনৈতিকভাবে যেসব সওয়াল করছেন তা ভারতের গেরুয়া ফ্যাসিবাদের বুনিয়াদি ভিত্তিকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু ভারতের সাংবিধানিক চরিত্র অক্ষুণ্ণ রাখা কিংবা অর্থনৈতিক লুঠ ও হিন্দুত্ববাদের বিরোধিতাতেই রাহুল থেমে থাকছেন না, বরং হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি রাজনীতির ভিত্তি হিসাবে চিহ্নিত মনুবাদী পিতৃতন্ত্রের বিরুদ্ধেও জেহাদ ঘোষণা করেছেন রাহুল। তো নরম হিন্দুত্ব ও বুর্জোয়াদের মিত্রশক্তি হিসাবে এতকালের পরিচিত কংগ্রেস ও তার আজকের নেতা যখন কর্পোরেট লুঠ, ঔপনিবেশিক রাষ্ট্রীয় প্রকরণ, মনুবাদ ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে মধ্য বাম অবস্থান থেকে আওয়াজ তুলেছেন,
তখন স্বাভাবিকভাবেই ব্যবস্থার আমূল নির্মূল করতে চাওয়া নকশালদের সঙ্গে তাঁকেও তুলনা করছে ফ্যাসিবাদী হিন্দুত্ব শিবির। আর সর্বভারতীয় স্তরে এই তালিকায় যুক্ত শহিদ সাংবাদিক গৌরী লঙ্কেশ, প্রয়াত নাট্যাকার গিরীশ কাড়নাড, প্রয়াত অধ্যাপক জি এন সাঁইবারা, প্রয়াত ফাদার স্টান স্বামী, ইতিহাসবিদ রোমিলা থাপার, লেখক অরুন্ধতী রায়, লেখক নয়নতারা সহগাল থেকে ছাত্রনেত্রী নেহা বোরা, অভিজিৎ দীপকে-সহ ককরোচ নেতৃবর্গ, আইনজীবী মেনকা গুরুস্বামী, অভিনয় শিল্পী নাসিরুদ্দিন, শাবানা আজমি, ইউটিউবার ধ্রুব রাঠি, তামিল ও বলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পী প্রকাশ রাজ, অভিনয় শিল্পী স্বরা ভাস্কর, চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন, চলচ্চিত্রকার মনিরত্নম প্রমুখ।
বসন্তের বজ্রনির্ঘোষ থেকে শ্রাবণের দ্রোহ
১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়িতে কৃষক অভ্যুত্থানের জেরে ৬৯ সালে তৈরি হওয়া সিপিআই(এমএল)-কে কেন্দ্র করে ভারতব্যাপী যে নকশাল আন্দোলন ছড়িয়ে পড়েছিল তার অভিঘাত ভারতের বুর্জোয়া রাজনীতির সমষ্টিগত রাজনৈতিক স্মৃতিতে তাজাই রয়েছে। মাও সে তুং ৬৭-তে নকশাল বাড়ির কৃষক অভ্যুত্থানকে আখ্যা দেন ‘বসন্তের বজ্রনির্ঘোষ’ হিসাবে। নকশাল আন্দোলনের অভিঘাত ভারতেই নয়, বরং উপমহাদেশ জুড়ে তীব্র হয়েছিল।
যার জেরে সত্তর দশক জুড়ে পশ্চিমবঙ্গ-সহ ভারতব্যাপী চলে রাষ্ট্রীয় সন্ত্রাস, গণহত্যা ও গুমখুন এবং তার পালটা বিপ্লবী প্রতিরোধ। পূর্ব পাকিস্তান ও পরবর্তীতে বাংলাদেশেও নকশালবাড়ির রাজনীতি ছড়িয়ে পড়ে। সত্তর দশক পরবর্তী ভারতে সিপিআই(এমএল) ভেঙে তৈরি হওয়া নানা কমিউনিস্ট বিপ্লবী গ্রুপ ও ক্রমে সিপিআইএমএল (জনযুদ্ধ গোষ্ঠী) থেকে মাওবাদী কমিউনিস্ট সেন্টারের সঙ্গে মিলিতভাবে ২০০৩ সালে তৈরি হওয়া সিপিআই (মাওবাদী) সশস্ত্র গেরিলা লড়াইয়ে বুক কাঁপিয়ে দিয়েছিল ভারতের শাসক বর্গের। কিন্তু অপারেশন গ্রিনহান্ট-সহ ভারতীয় রাষ্ট্রযন্ত্রের লাগাতার নানাবিধ অভিযানে এবং অতিবিপ্লবী বামবিচ্যুতির জেরে দুর্বল হয়ে পড়ে মাওবাদীরা।
যদিও শাসকের মনে থেকে যায় ভয়। বিশেষত হিন্দি-হিন্দু-হিন্দুস্তানি ফ্যাসিবাদ তীব্র হওয়ার প্রক্রিয়ার ভিতরেই ফ্যাসিস্টদের মাথায় ঘুরতে থাকে ‘মাওবাদ’-এর ভূত। আর সম্প্রতি শ্রাবণ জুড়ে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি ও কমিউনিস্ট ছাত্র সংগঠনগুলির যৌথ লড়াইয়ে যেভাবে টলমল হয়েছে বিজেপি সরকারের মসনদ, তাতে আবারও নকশালবাড়ির রাজনীতি থেকে মাওবাদীদের স্ট্রাগেল— ইত্যাদির জেরে ‘মাওবাদী’ অভিঘাতের ভূত দেখছেন নরেন্দ্র মোদি। তাই বুদ্ধিবৃত্তিক শ্রেণি বিপ্লবী-সহ সামগ্রিক নাগরিক সমাজকে এখন আরবান নকশালের পরবর্তী ধাপ ‘দিমাগি নকশাল’ হিসাবে গণ্য করছে দিল্লির মোদি-শাহ রেজিম।
এবার তোর মরা গাঙে বান এসেছে
মাও বলেছেন, “স্বর্গের নীচে সমূহ বিশৃঙ্খলা, পরিস্থিতি আমাদের অনুকূলে…”। লাগাতার গণআন্দোলন, ছাত্রজনতার প্রতিরোধ ইত্যাদির পাশাপাশি ভারতীয় যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের অন্দরে সংসদীয় রাজনীতির অস্থিরতা— এই সমস্ত বিষয় বিবেচনা করলে এটা স্পষ্ট হয় যে ভারতের ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির অন্দরে এখন বিশৃঙ্খলা চূড়ান্ত। ইনফ্যাক্ট আরএসএস-বিজেপি এখন পতনশীল। আর এটাই সুবর্ণ সুযোগ গেরুয়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে পরাস্ত করা। এই অনুকূল পরিস্থিতির সুযোগকে কীভাবে সদ্ব্যবহার করতে হয়, সেটাও দেখিয়ে দেওয়ার কাজ সামগ্রিক দিমাগি নকশালদের। তারা ‘জয় মা’ বলে ভাসিয়ে দিক তরী। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হোক ভারতীয় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র
১। কার্ল মার্ক্স, ‘থিসিস অন ফায়ারবাখ’ (১৮৪৫), ‘দ্য জার্মান ইডিওলজি’, মার্ক্স-এঙ্গেলস কালেক্টেড
২। কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস, ‘ম্যানিফেস্টো অব কমিউনিস্ট পার্টি’ (১৯৪৮).
৩। কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস, ‘দ্য জার্মান ইডিওলজি’ (১৮৪৫).
৪ । ভি আই লেনিন, ‘হোয়াট ইজ টু বি ডান’ (১৯০২)
৫। আন্তোনিও গ্রামসি, ‘দ্য প্রিজন নোটবুকস’ (১৯৭১ সালে প্রকাশিত)
৬। জর্জ দিমিত্রভ, ‘দ্য ইউনাইটেড ফ্রন্ট এগেইনস্ট ফ্যাসিজম’ (১৯৩৫)
৭। প্লেটো, ‘দ্য রিপাব্লিক’ (পঞ্চম খণ্ড)
৮। অ্যারিস্টটল, ‘পলিটিক্স’ (প্রথম খণ্ড)
৯। হেগেল, ‘এলিমেন্টস অব দ্য ফিলোজফি’ (১৮২০-২১)
১০। হেগেল, ‘ফেনোমেনোলজি অব স্পিরিট’ (১৯০৭).
১১। উপনিষদ গ্রন্থাবলী (তিন খণ্ড): স্বামী গম্ভীরানন্দ কর্তৃক অনূদিত ও ব্যাখ্যাকৃত মূল উপনিষদের বাংলা সংকলন, উদ্বোধন প্রকাশনা
১১। অনলাইন বাংলা কোরআন শরীফ
১২। ত্রিপিটকের বাংলা অনবাদ, ড. জয়ন্তী চট্টোপাধ্যায়ের অনুবাদ ও সম্পাদনা, মহাবোধি সোসাইটি
১৩। অরবিন্দ ঘোষ, দ্য ফাউন্ডেশন অব ইন্ডিয়ান কালচার, শ্রী অরবিন্দ জন্মশতবর্ষে প্রকাশিত
১৪। গান্ধী, হিন্দ স্বরাজ, ১৯০৯,
১৫। রামদুলাল নন্দী বিরচিত শ্যামাসংগীত
১৫। রবীন্দ্রসংগীত
১৬। ‘বোধ’, জীবনানন্দ দাশ, ‘ধূসর পাণ্ডুলিপি’
১৭। বুদ্ধদেব ভট্টাচার্য, ‘স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা’, ২০১৯
১৮। চারু মজুমদার রচনা সংগ্রহ
লেখক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক, কলকাতা, ভারত।
ইমেইল- [email protected]
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



