বিশ্লেষণ: কিউবার আকাশে আবার মার্কিন ঈগল

হাভানা, পিক্সেল
দিয়াজ-কানেল অভিযোগ করেন, ওয়াশিংটন গত ছয় দশক ধরে কিউবাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে এখন কৃত্রিম অর্থনৈতিক সংকটকে দেশ দখলের অমার্জনীয় অজুহাত হিসেবে ব্যবহার করছে।
হাভানার আকাশে এখন নক্ষত্রদের আরও স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ নিচের শহরগুলো ডুবে আছে নিশ্ছিদ্র অন্ধকারে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের মন্তব্য কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি একটি দ্বীপরাষ্ট্রের ওপর দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত বহিঃপ্রকাশ।
সিএনএন জানায়, ট্রাম্প কিউবা ‘দখল’ করার বিষয়টিকে একটি ‘সম্মান’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে তিনি দেশটিকে নিয়ে যা খুশি তা-ই করতে পারেন; তার এই বার্তা আসলে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সম্পর্কের চিরাচরিত শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এই দম্ভ কেবল কিউবার অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন নয়, বরং এটি ল্যাটিন আমেরিকায় মার্কিন আধিপত্যের এক নতুন ও অধিকতর কঠোর সংস্করণের ইঙ্গিত দেয়।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা কিউবা দখলের প্রচেষ্টাকে ‘অভেদ্য প্রতিরোধের’ মাধ্যমে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। গত মঙ্গলবার দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড আংশিকভাবে সচল হওয়ার পর এক কড়া বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।
দিয়াজ-কানেল অভিযোগ করেন, ওয়াশিংটন গত ছয় দশক ধরে কিউবাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে এখন কৃত্রিম অর্থনৈতিক সংকটকে দেশ দখলের অমার্জনীয় অজুহাত হিসেবে ব্যবহার করছে। এই ভয়াবহ অর্থনৈতিক যুদ্ধকে তিনি কিউবান জনগণের ওপর মার্কিন প্রশাসনের এক ধরনের ‘সামষ্টিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, যে কোনো বহিঃশত্রুর আক্রমণ রুখে দেওয়ার শক্তি কিউবার রয়েছে।
স্মরণ করা ভাল, ১৯৫৯ সালের ১ জানুয়ারি কিউবার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘ সশস্ত্র সংগ্রামের পর স্বৈরশাসক ফুলগেন্সিও বাতিস্তার সরকারের পতন ঘটিয়ে রাজধানী হাভানা দখলে নেন ফিদেল কাস্ত্রোর নেতৃত্বাধীন বিপ্লবী বাহিনী। বাতিস্তা ক্ষমতা ছেড়ে ডোমিনিকান রিপাবলিকে পালিয়ে গেলে কিউবায় কয়েক দশকের মার্কিন সমর্থিত শাসনের অবসান ঘটে।
ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা এবং রাউল কাস্ত্রোর নেতৃত্বে এই বিপ্লব ল্যাটিন আমেরিকার রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসে। কাস্ত্রোর এই বিপ্লব বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক অনন্য প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছে। কিউবার এই রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের সমীকরণেও বড় প্রভাব ফেলে। সেই থেকে হাভানা প্রতিবেশি ওয়াশিনটনের অন্যতম টার্গেট।
ইরানে মার্কিন-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্য যুদ্ধের পাশাপাশি কিউবার বর্তমান বিদ্যুৎ সংকট কোনো আকস্মিক যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত অর্থনৈতিক অবরোধের ফল। কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন যেভাবে কিউবায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে, তার প্রভাব এখন দেশটির প্রতিটি ঘরে অনুভূত হচ্ছে।
সিএনএন জানায়, জ্বালানি তেলের অভাবে যখন একটি দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি অচল হয়ে পড়ে, তখন সেটি কেবল বাতি নিভে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর ফলে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। পর্যটন নির্ভর একটি দেশের জন্য বিমান চলাচল বন্ধ হওয়া এবং হোটেলগুলোতে অন্ধকার নেমে আসা মানে হচ্ছে অর্থনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া।
বিশ্লেষণ বলছে, ট্রাম্প প্রশাসনের এই ‘ম্যাক্সিমাম প্রেশার’ বা চরম চাপের কৌশলটি মূলত কিউবার সাধারণ মানুষকে জিম্মি করে একটি রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করা।
ট্রাম্পের বক্তব্যে ভেনেজুয়েলার প্রসঙ্গ উঠে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় মার্কিন মদতপুষ্ট অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার যে চেষ্টা হয়েছে, কিউবার ক্ষেত্রেও ট্রাম্পের পরিকল্পনা অনেকটা একই রকম বলে প্রতীয়মান হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেই বলেছেন যে, কিউবার ওপর আরোপ করা এই নিষেধাজ্ঞা মূলত দ্বীপটিতে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত।
অর্থাৎ, কিউবার জনগণের ভোগান্তি এখানে কেবল একটি পার্শ্বপ্রতিক্রিয়া নয়, বরং এটি একটি রাজনৈতিক অস্ত্র। যখন একটি লিটার তেলের দাম অনানুষ্ঠানিক বাজারে নয় ডলারে গিয়ে ঠেকে এবং একটি গাড়ির ট্যাংক পূর্ণ করতে ৩০০ ডলারের বেশি খরচ হয়—যা অধিকাংশ কিউবান নাগরিকের বার্ষিক আয়ের চেয়েও বেশি—তখন বুঝতে হবে এই অবরোধ কতটা অমানবিক ও ভয়াবহ রূপ নিয়েছে।
মার্কিন পররাষ্ট্রনীতির এই ধারায় গণতন্ত্র বা মানবাধিকারের চেয়ে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারই যে প্রধান লক্ষ্য, তা ট্রাম্পের ‘দখল’ করার মানসিকতা থেকে স্পষ্ট বোঝা যায়। কিউবার সাধারণ মানুষ এখন কাঠের উনুন বা সোলার প্যানেল সংগ্রহের কথা ভাবছে, যা আধুনিক যুগে কোনো জাতির জন্য চরম এক পরিহাস।
মোঁরো শহরের রাজপথে সাধারণ মানুষের বিক্ষোভ প্রমাণ করে যে, সংকট এখন আর কেবল ড্রয়িংরুমের আলোচনার বিষয় নয়, বরং তা রাজপথে ক্ষোভ হিসেবে আছড়ে পড়ছে।
ট্রাম্পের এই আধিপত্যবাদী নীতির দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্বরাজনীতির জন্য খুব একটা সুখকর হওয়ার কথা নয়। একুশ শতকে এসে একটি দেশকে এভাবে জ্বালানিহীন করে অন্ধকার যুগে ঠেলে দেওয়া এবং জনসমক্ষে তা দখলের ইচ্ছা প্রকাশ করা বিশ্ব ব্যবস্থায় নতুন অস্থিরতা তৈরি করতে পারে।
এটি কেবল মার্কিন-কিউবা সম্পর্কের অবনতি ঘটাবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করবে। অবরোধ যখন একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তখন সেখানে গণতন্ত্রের চেয়ে প্রতিহিংসার ছায়াই দীর্ঘতর হয়। কিউবা হয়তো ট্রাম্পের চোখে কেবল একটি ‘দখল’ করার বিষয়, কিন্তু ইতিহাসের পাতায় এটি একটি মানবিক সংকটের দলিল হয়েই থাকবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



