মার্কিন অবরোধে অচল কিউবা: বিমানে জ্বালানি সরবরাহ স্থগিত

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর জ্বালানি অবরোধের মুখে ভয়াবহ সংকটে পড়েছে কিউবা। দেশটির আকাশপথ কার্যত অচল হওয়ার উপক্রম হয়েছে। সোমবার কিউবা সরকার জানিয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী এক মাস আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে কোনো জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে না।
‘নোটিস টু এভিয়েশন’ (নোট্যাম)-এর তথ্য অনুযায়ী, আগামী ১১ মার্চ পর্যন্ত এই সংকট স্থায়ী হতে পারে। জ্বালানি না পাওয়ার আশঙ্কায় এরই মধ্যে দেশটিতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কানাডার শীর্ষ বিমান সংস্থা এয়ার কানাডা।
কিউবা দীর্ঘকাল ধরে ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল। কিন্তু ডিসেম্বরে কারাকাসের ট্যাংকারগুলোতে মার্কিন অবরোধ এবং জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন ট্রাম্প প্রশাসন কিউবাকে তেল দেওয়া দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেয়। এই হুমকির মুখে মেক্সিকোও দেশটিতে অপরিশোধিত তেল পাঠানো সাময়িকভাবে স্থগিত রেখেছে।
জ্বালানি বাঁচাতে কিউবা সরকার স্কুল ও হাসপাতালের সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি গণপরিবহন পরিষেবা ব্যাপকভাবে সংকুচিত করার ঘোষণা দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, তাঁরা কিউবায় পুনরায় জ্বালানি পাঠানোর পথ খুঁজছেন। বর্তমানে মেক্সিকো থেকে ৮০০ টনের বেশি মানবিক সহায়তা নিয়ে দুটি জাহাজ হাভানার পথে রয়েছে।
এদিকে কিউবার এই পরিস্থিতির জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কিউবাকে ‘শ্বাসরোধ’ করার চেষ্টা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভেনেজুয়েলা ও কিউবার জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কিউবার ক্রমবর্ধমান সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মুখপাত্র স্টিফান দুজারিক জানান, জাতিসংঘ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের এই ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি কিউবাকে এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



