বিশ্লেষণ: ইরান যুদ্ধে বেইজিংয়ের অর্থনৈতিক সমীকরণ

স্কেচ: এআই
‘উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ কমে গেলে আফ্রিকার মতো অঞ্চলে অস্থিরতা বাড়বে, যা শেষ পর্যন্ত চীনের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।’
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এখনো চীনের ওপর সরাসরি আঘাত না হানলেও, এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বেইজিংয়ের নীতিনির্ধারকরা গভীরভাবে চিন্তিত। স্বল্পমেয়াদে কয়েক মাসের তেলের মজুত এবং রাশিয়ার বিকল্প উৎস থাকলেও, দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা ও বিনিয়োগ এখন ঝুঁকির মুখে।
বিশেষ করে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ অস্থিতিশীল হলে চীনের জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির বার্ষিক সম্মেলন চলছে, যেখানে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠাই মূল আলোচ্য বিষয়। আবাসন খাতের স্থবিরতা, স্থানীয় ঋণের বোঝা এবং ভোক্তা পর্যায়ে ব্যয় সংকোচনের ফলে ১৯৯১ সালের পর এবারই প্রথম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে চীন। এমন নাজুক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়া চীনের অর্থনীতির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষক ফিলিপ শেটলার-জোন্সের মতে, ‘উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ কমে গেলে আফ্রিকার মতো অঞ্চলে অস্থিরতা বাড়বে, যা শেষ পর্যন্ত চীনের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।’
ইরানের সাথে চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং কৌশলগত। ২০২১ সালের ২৫ বছর মেয়াদী চুক্তিতে চীন ইরানে ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। বিনিময়ে চীন নিরবচ্ছিন্ন জ্বালানি তেল পাচ্ছে। তথ্যমতে, ২০২৫ সালে চীনের মোট তেল আমদানির ১২ শতাংশ এসেছে ইরান থেকে। তবে এই সম্পর্ক মূলত লেনদেনভিত্তিক।
কিংস কলেজের অধ্যাপক কেরি ব্রাউনের মতে, দুই দেশের মধ্যে গভীর কোনো আদর্শিক মিল নেই; বরং যুক্তরাষ্ট্রকে চাপে রাখতেই চীন ইরানকে ব্যবহার করে। পশ্চিমারা একে 'অশুভ অক্ষ' বললেও বেইজিং সাধারণত কোনো সামরিক জোটে জড়াতে বা মিত্রের হয়ে যুদ্ধে নামতে আগ্রহী নয়।
সাম্প্রতিক সংঘাত চীনের সামরিক সীমাবদ্ধতাকেও সামনে এনেছে। চীন নিজেকে যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দাবি করলেও, ইরান বা ভেনেজুয়েলার সংকটে তারা কেবল দর্শক হয়েই ছিল। শেটলার-জোন্স মনে করেন, সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো প্রকৃত পরাশক্তি, যা চীনের নেই। তবে শি জিনপিং নিজেকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে একজন স্থিতিশীল ও নির্ভরযোগ্য বৈশ্বিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। বেইজিংয়ের দাবি, পশ্চিমা দেশগুলোর 'উদার আন্তর্জাতিক ব্যবস্থা' আসলে দ্বিচারিতায় পূর্ণ।
এই সংকটের অর্থনৈতিক প্রভাব গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোতে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। খাদ্য সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এসব দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। চীন এই পরিস্থিতিতে ওমান ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে এবং বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে। বেইজিং এখন অত্যন্ত সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এ মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে।
সফরটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও রয়টার্স জানিয়েছে, দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতিমূলক বৈঠক করবেন। চীন এই সুযোগে তাইওয়ানসহ অন্যান্য সংবেদনশীল ইস্যুতে ট্রাম্পের অবস্থান বোঝার চেষ্টা করবে। যদি এই যুদ্ধ যুক্তরাষ্ট্রে অজনপ্রিয় হয়, তবে ওয়াশিংটন ভবিষ্যতে অন্য দেশে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সংযত হতে পারে, যা চীনের জন্য সুবিধাজনক। তবে অধ্যাপক কেরি ব্রাউনের মতে, চীন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য যেমন চায় না, তেমনি যুক্তরাষ্ট্রের এমন অস্থির আচরণও তাদের জন্য অস্বস্তিকর।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



