বাংলাদেশে পটপরিবর্তন: দিল্লির দৃষ্টি এখন নতুন সমীকরণে

দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে অভ্যস্ত হয়ে যাওয়া ভারতের জন্য দলটিকে ছাড়া নতুন কোনো রাজনৈতিক সরকারের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে এক অভূতপূর্ব আগ্রহ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাধারণ নির্বাচন নিয়ে দিল্লির এমন সতর্ক নজরদারি সাম্প্রতিক দশকে বিরল বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় দেড় যুগ পর বাংলাদেশে আওয়ামী লীগহীন একটি নির্বাচন ও সম্ভাব্য সরকার গঠনের প্রক্রিয়া ভারতকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
দিল্লির কূটনৈতিক সূত্র ও পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি জানায়, এই নির্বাচন ভারতের জন্য কয়েকটি কারণে ব্যতিক্রমী। প্রথমত, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে অভ্যস্ত হয়ে যাওয়া ভারতের জন্য দলটিকে ছাড়া নতুন কোনো রাজনৈতিক সরকারের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। দ্বিতীয়ত, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে, না কি জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার গড়বে, তা নিয়ে দিল্লির ভেতরে সতর্ক পর্যবেক্ষণ চলছে।
নিরাপত্তা ইস্যু ও ‘রেড লাইন’
উত্তর-পূর্ব ভারতের (সেভেন সিস্টার্স) নিরাপত্তা দিল্লির জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। গত দেড় দশকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান ভারতকে যে স্বস্তি দিয়েছিল, নতুন সরকার সেই নীতি বজায় রাখবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
দিল্লির মনোহর পারিক্কর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের (আইডিএসএ) সিনিয়র ফেলো স্ম্রুতি পট্টনায়ক বলেন, ‘উত্তর-পূর্বের নিরাপত্তা নিয়ে ভারত কোনো আপস করবে না। বিষয়টি বাংলাদেশের সব স্টেকহোল্ডারকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।’
অন্যদিকে, জামায়াতে ইসলামীকে দীর্ঘকাল ‘রেড লাইন’ মনে করলেও বর্তমান বাস্তবতায় ভারতের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসি সচিবালয় ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত ইতিমধ্যে জামায়াত নেতৃত্বের সঙ্গে কর্মকর্তা পর্যায়ে এক ধরনের যোগাযোগ স্থাপন করেছে।
ঢাকার সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস মনে করেন, প্রতিবেশীকে বদলানো সম্ভব নয়, তাই যে-ই ক্ষমতায় আসুক, ভারতের জন্য তার সঙ্গে ‘বিজনেস’ করাটাই এখন বাস্তবসম্মত।
বিএনপিকে নিয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ পরবর্তী প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বিশেষ করে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে বিএনপির সঙ্গে দিল্লির ‘ওপেন আউটরিচ’ বা প্রকাশ্য যোগাযোগ বেড়েছে। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শ্রীপর্ণা পাঠক মনে করেন, বর্তমান বিকল্পগুলোর মধ্যে বিএনপিকে দিল্লির কাছে তুলনামূলক ‘স্থিতিশীল’ মনে হচ্ছে।
‘নাক না গলানোর’ কৌশল
বিগত নির্বাচনগুলোতে ভারতের বিরুদ্ধে ‘নাক গলানো’র যে অভিযোগ উঠেছিল, এবার দিল্লি তা থেকে সযত্নে দূরে থেকেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী ভারতবিরোধী মনোভাব আঁচ করতে পেরে দিল্লি এবার জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার কৌশল নিয়েছে। এমনকি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ না থাকা নিয়ে ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিবাদও জানায়নি।
ভারতের এখন প্রধান প্রত্যাশা হলো বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা। রিভা গাঙ্গুলি দাসের ভাষায়, ৫ আগস্টের ধাক্কার পর সম্পর্ককে স্বাভাবিক করতে একটি নির্বাচিত ও শক্তিশালী ‘ম্যান্ডেট’ সম্পন্ন সরকার প্রয়োজন।
দিল্লি মনে করছে, অন্তর্বর্তী সরকারের সময়কার ‘অনিশ্চয়তা’র চেয়ে নির্বাচন-পরবর্তী ‘নিশ্চয়তা’ অনেক বেশি জরুরি। যদি নতুন সরকার ভারতের মৌলিক নিরাপত্তা উদ্বেগগুলো নিরসনে কাজ করে, তবে দিল্লির সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতার পথ প্রশস্ত হবে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



