বারুইপুরকাণ্ডের প্রতিবাদে বাধা দিচ্ছে রাজ্য সরকার ও বিজেপি, অভিযোগ বিরোধী শিবিরের

ছবি: উইকি
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে ডাকা একাধিক কর্মসূচির ওপর পশ্চিমবঙ্গে ব্যাপক পুলিশি দমন-পীড়নের অভিযোগ সামনে আসছে।
কলকাতা, ভারত: পশ্চিমবঙ্গের বারুইপুরে এক সংখ্যালঘু কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে 'ক্রসফায়ারে' হত্যা করার ফলে মূল অপরাধীরা আড়ালে চলে গেছে—এমনটাই অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্য বিজেপি সরকারের বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম-সহ বামফ্রন্ট, সিপিআইএমএল লিবারেশন, কংগ্রেস, আইএসএফ, সিপিআইএমএল, এসইউসিআই (কমিউনিস্ট) এবং এসডিপিআই-এর মতো দল ও সংগঠনগুলো।
রাজনৈতিক মহল এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে চরম পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে।
জানা গেছে, নিহত ওই কিশোরীর পরিবারের সঙ্গে কেবল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষকে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে।
তৃণমূলের এই সাবেক নেতারা সম্প্রতি দলের বড় একটি অংশের বিধায়কদের নিজেদের পক্ষে টেনে নিয়ে নতুন দলে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ এই নতুন দলকে ‘বিজেপি মনোনীত বিরোধী দল’ হিসেবে আখ্যা দিচ্ছে।
এই ঘটনার জেরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দি (হাউজ অ্যারেস্ট) করার পাশাপাশি এই ঘটনা নিয়ে উসকানি দেওয়ার অভিযোগে সিপিএমের একাধিক রাজ্য নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, ঘটনার দিন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দি করে রাখা হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মমতা-অনুগামী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরে তারা সেখান থেকে মিছিলের অনুমতি আদায় করে আনে।
জানা যায়, গত ৮ জুলাই কলকাতার বালিগঞ্জ থেকে গড়িয়াহাট পর্যন্ত উচ্চ আদালতের অনুমতি নিয়ে একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠেছে, সেই মিছিলে বিজেপির লোকেরা হামলা চালায় এবং এতে তৃণমূলের যুবনেত্রী উপাসনা চৌধুরী আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, পুলিশের সামনেই উপাসনাকে বাইক থেকে ফেলে দেওয়া হয়। উপাসনার পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীর ওপর ব্যাপকভাবে হামলা চালানো হয়। অভিযোগ, এ সময় কলকাতা পুলিশ একেবারেই নীরব ভূমিকা পালন করে।
এদিকে বারুইপুরকাণ্ডের অন্যতম অভিযুক্তকে রাতের অন্ধকারে 'এনকাউন্টার' বা 'ক্রসফায়ারে' হত্যা করা হলে এর বিরুদ্ধে সরব হয় মানবাধিকার সংগঠন এপিডিআর । কলকাতার কলেজ স্ট্রিটে এই ঘটনার প্রতিবাদে এপিডিআরের পক্ষ থেকে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে সেখানেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।
এর পরেই পশ্চিমবঙ্গের অন্যতম মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছুড়ে মারা উচিত।’ তাঁর এই মন্তব্যের পরপরই কোচবিহার জেলায় সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে পচা ডিম দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
এদিকে বারুইপুরকাণ্ডের প্রতিবাদে শামিল হওয়া রাজনৈতিক নেতাকর্মী, সমাজকর্মী ও স্বাধীন গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর উসকানি দেওয়ার অভিযোগ করেছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনায় বেশ কয়েকজন সিপিএম কর্মীর বিরুদ্ধে বারুইপুর পুলিশ মামলা দায়ের করেছে। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদে মুখ খোলায় অভিনয়শিল্পী শ্রীলেখা মিত্র ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনুভব মাইতি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বর্তমানে বারুইপুরে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
সব মিলিয়ে বারুইপুরকাণ্ডের প্রতিবাদে ডাকা একাধিক কর্মসূচির ওপর পশ্চিমবঙ্গে ব্যাপক পুলিশি দমন-পীড়নের অভিযোগ সামনে আসছে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



