কেন মধ্যপ্রাচ্যে অ্যাসিড বৃষ্টির ভয়াল বার্তা

আকাশের কোনো সীমানা নেই। ইরানের কালো ধোঁয়া, অ্যাসিড বৃষ্টি কোনো এক দেশে সীমাবদ্ধ থাকবে না।
মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্র থেকে কালো ধোঁয়ার স্তূপ আকাশ ছুঁইছে, সঙ্গে নিয়ে আসছে অ্যাসিড বৃষ্টির ভয়াবহ আশঙ্কা। তেল শুধু জ্বালানি নয়, এটি বৈশ্বিক রাজনীতির রক্তক্ষরণকারী ধমনী। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেপথ্যে রয়েছে এই সম্পদ ও অস্ত্র ব্যবসার অদৃশ্য হাত। সাধারণ মানুষ যখন বিপর্যয়ের মুখে, তখন যুদ্ধ শিল্পের মুনাফা বাড়ে।
বিবিসির খবরে প্রকাশ, সম্প্রতি ইরানের তেহরান, কারাজ ও নাজাফাবাদের তেল স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অজুহাত হলেও মূল উদ্দেশ্য অঞ্চলে আধিপত্য বিস্তার। জবাব দিতে পিছিয়ে নেই ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকো, কাতারের তরল গ্যাস কেন্দ্র, আমিরাতের ফুজাইরাহ ও বাহরাইনের বাপকো স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। রাতের আকাশ আগুনে লাল, ফেটে যাওয়া পাইপলাইন থেকে দাউদাউ করে জ্বলছে আগুন—মনে হচ্ছে গোটা অঞ্চল যেন আগুনের সাগরে ভাসছে।
মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইউএসইপিএ) এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিস অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি (আইইউপিএসি) বলছে, এই আগুনের লেলিহান শিখা শুধু অর্থনীতিই ধ্বংস করছে না, তৈরি করছে মারাত্মক পরিবেশগত বিপর্যয়। তেলের অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও সালফার অক্সাইড। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে মিশে এসব অক্সাইড তৈরি করে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড, যা বৃষ্টি হয়ে মাটিতে পড়লে পিএইচ-এর মাত্রা কমিয়ে দেয়। সৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি।
অ্যাসিড বৃষ্টির প্রভাব সুদূরপ্রসারী। গাছের ছাল দুর্বল হয়ে যায়, মাটি থেকে ক্যালসিয়াম-ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান নষ্ট হয়। জলাশয়ে মিশে পানির অম্লতা বাড়িয়ে প্ল্যাঙ্কটন ও মাছ ধ্বংস করে। সেতু-ইস্পাতের কাঠামো ক্ষয়ে যায়, ঐতিহাসিক পাথরের ভবন ও মূর্তি নষ্ট হয়। মানুষের স্বাস্থ্যের জন্যও এটি ভয়ানক। শ্বাসের সঙ্গে ধুলোকণা ফুসফুসে প্রবেশ করে হাঁপানি, নিউমোনিয়া ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। মাটি ও পানিতে দ্রবীভূত সীসা, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু খাদ্যচক্রে প্রবেশ করে হৃদরোগ ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
শিল্প বিপ্লবের পর থেকে অ্যাসিড বৃষ্টি রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। মার্কিন ক্লিন এয়ার অ্যাক্ট, ইউরোপীয় ইউনিয়নের ইউএনইসিই কনভেনশন তার উদাহরণ। অথচ সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই আজ মধ্যপ্রাচ্যে তেল স্থাপনায় হামলা চালিয়ে অ্যাসিড বৃষ্টির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ইরানও প্রতিশোধ নিচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যেখানে জলবায়ু সুরক্ষা ও শান্তির কথা বলে, সেখানে যুদ্ধবিমানের গর্জন ভিন্ন সুরে বাজছে।
বিশেষজ্ঞরা বলছেন, আকাশের কোনো সীমানা নেই। ইরানের কালো ধোঁয়া, অ্যাসিড বৃষ্টি কোনো এক দেশে সীমাবদ্ধ থাকবে না। এই ধ্বংসযজ্ঞের ভয়াবহতা নির্ণয় ও মোকাবিলায় এখনই সক্রিয় পদক্ষেপ জরুরি। নতুবা আধুনিক সভ্যতার এই আত্মঘাতী আচরণের চরম মূল্য দিতে হবে পুরো মানবজাতিকে।
নির্ভীক, নিরপেক্ষ এবং অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে আপনার সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আপনার অনুদান প্রদান করুন।



